আইপিএল ২০২৬: ধোনির বড় ঘোষণা, কী বললেন মাহি?

আইপিএল ২০২৬-এ রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংস, জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চেন্নাই সুপার কিংসের (CSK) ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দিলেন, আইপিএল ২০২৬ মরশুমে সিএসকে’র নেতৃত্বে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াডকে। চোটের কারণে গতবার রুতুরাজ ছিটকে যাওয়ায় ধোনিকেই অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছিল। তবে এ বার চোট সারিয়ে ফিরছেন রুতু। ফলে, ধোনির ঘোষণার পর প্রশ্নই উঠছে না— আইপিএল ২০২৬-এ সিএসকে’র অধিনায়ক হচ্ছেন রুতুরাজ।

ধোনির মন্তব্যে স্পষ্ট, তিনি দলের ভবিষ্যৎ চিন্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বলেন, “দলের ব্যাটিং অর্ডার নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছি আমরা। তবে মনে হয় সেই সমস্যার সমাধান করে ফেলেছি। রুতুরাজের চোট ছিল, আইপিএলের মাঝপথে ও ছিটকে যায়। কিন্তু ও ফিরে এলে আমাদের অনেক সমস্যাই মিটে যাবে।”

Shamim Ahamed Ads

গত আইপিএলে সিএসকে লিগ টেবিলের একেবারে শেষে শেষ করেছিল। ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট, দশ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। সেই কারণেই দলীয় কাঠামোয় পরিবর্তনের আভাস দিচ্ছেন ধোনি।

তাঁর মতে, “আমি বলছি না গত মরশুমে আমরা খুব খারাপ খেলেছি। তবে খেলার মধ্যে কিছু ত্রুটি ছিল। সেগুলোর সমাধান করার চেষ্টা চলছে। সামনে ডিসেম্বরে রয়েছে মিনি অকশন। আশা করছি, তখনই দল গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।”

আইপিএল ২০২৬ সামনে রেখে ইতিমধ্যেই ব্যাকফুটে থাকা সিএসকে ঘুরে দাঁড়াতে চায়। পরপর দু’টো মরশুম ভালো না যাওয়ায় নতুন কৌশল নিয়েই নামতে চলেছে দল। ধোনির কথায়, “শেষ দু’টো মরশুম আমাদের ভালো যায়নি। তবে ভুল থেকে শিক্ষা নিতে হবে। সমস্যাটা কোথায়, সেটাই বুঝে সমাধানের পথে হাঁটতে হবে। একটা মরশুম খারাপ যেতে পারে, কিন্তু আমরা সামনে তাকাচ্ছি।”

চেন্নাইয়ের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন মাহি। জানান, “২০০৫ সালে আমার টেস্ট অভিষেক হয়েছিল চেন্নাইয়ে। তখন থেকেই এই শহরের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছে। আইপিএল শুরু হওয়ার অনেক আগেই সেটা তৈরি হয়েছিল। চেন্নাই আমাকে অনেক সাহায্য করেছে, সেজন্যই আমি ৪০-৫০ দিন এখানেই থাকি। সম্পর্কটা দিনে দিনে আরও গভীর হয়েছে।”

তাঁর এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, মাঠে যতই অবসর আসুক না কেন, আইপিএল ২০২৬ ও চেন্নাই সুপার কিংস নিয়ে ধোনির উৎসাহ এখনও আগের মতোই। রুতুরাজের কাঁধে এবার দায়িত্ব তুলে দিতে প্রস্তুত মাহি। শুধু অধিনায়ক নয়, ভবিষ্যতের জন্য রুতুকেই সম্ভবত সিএসকে’র মুখ হিসেবে তুলে ধরছেন তিনি।

ধোনি আরও বলেন, “আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে দলের পরিকল্পনায় রুতুরাজ গুরুত্বপূর্ণ। ও দলে ফিরে এলেই আমরা অনেক দিক থেকে শক্তিশালী হয়ে উঠব।”

চেন্নাই সুপার কিংসের জন্য এটা বড় সিদ্ধান্ত। আইপিএল ২০২৬-এর আগে এই ঘোষণায় দলের সমর্থকরাও নতুন করে আশাবাদী। এখন দেখার, নতুন অধিনায়ক রুতুরাজের নেতৃত্বে কতটা ঘুরে দাঁড়াতে পারে সিএসকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত