প্ররোচনা? নাড্ডার কনভয়ে হামলায় মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট পুলিশের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্ররোচনা? নাড্ডার কনভয়ে হামলায় মুখ্যমন্ত্রীকে তদন্ত রিপোর্ট পুলিশের! বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময়, শিরাকোল এলাকায় জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়। দুস্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব আহত হন। এবার তা নিয়েই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দিল পুলিশ।

আরও পড়ুনঃ সুদীপ্ত সেনের চিঠি উদ্দেশ্য প্রণোদিত! তদন্ত চেয়ে CBI-কে চিঠি শুভেন্দুর।

সূত্রের খবর, সেই রিপোর্টে কোন পরিকল্পিত হামলার কথা উল্লেখ করা হয়নি। পুলিশ মুখ্যমন্ত্রীকে জানিয়েছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ছিল জেপি নাড্ডার। সাথে ছিল বুলেট প্রুফ গাড়িও। বিজেপি সর্বভারতীয় সভাপতি ডায়মণ্ড হারবার যাওয়ার রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও, তা নিয়ন্ত্রণে চলে আসে ১৫ মিনিটের মধ্যেই। ওই ঘটনায় মোট ৭ জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে।

পাশাপাশি সূত্র জানাচ্ছে পুলিশের রিপোর্ট অনুযায়ী রাকেশ সিং নামের একজন প্ররোচনা স্মৃষ্টিকারীকে গ্রেফতার করা হয়েছে। রাকেশ গ্রেফতারির প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের দাবি, “রাকেশ সিংয়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হলেও উনি নির্দোষ।” মুকুল এদিন বলেন, “এত মিথ্যে কথা অন্য কোনও সরকার বলতে পারে না। আমি অন্তত এমনটা দেখিনি। আমার মনে হয় অবিলম্বে বাংলায় ৩৫৬ ধারা জারি উচিত।” 

যদিও এই ঘটনা সম্পর্কে গতকাল পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, “বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নড্ডা নিরাপদেই ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন। তাঁর কনভয়ে কোনও হামলা হয়নি। ফলতা থানার অন্তর্গত দেবীপুরে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা কিছু দুষ্কৃতী হঠাৎই তাঁর কনভয়ের অনেক পিছনে থাকা কয়েকটি গাড়িতে পাথর ছোড়ে। সবাই নিরাপদে রয়েছেন, পরিস্থিতিও শান্ত। ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে মুখ্যমন্ত্রী মমতা প্রশ্ন তোলেন, “এত সব সিআরপিএফ নিয়ে ঘুরছো, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছো তাহলে কী করে গাড়িতে হাত দিল? এক এক জন গুন্ডাকে পর্যন্ত আধাসেনা জওয়ান দিয়ে রেখেছো।” তিনি বিজেপি-কে আক্রমণ করে বলেন, “যখন কিছু না থাকে তখন ভায়োলেন্স করে বিজেপি। তার পর বলে, “এই দেখো আমাকে মেরেছে।” একটা কনভয়ে ৫০টা গাড়ি থাকবে কেন? কেন দাঁড়িয়েছিলে রাস্তায়, কে একটা ইট মারবে আর ভিডিও তুলবে বলে? আগে থেকে গাড়ি থেকে ভিডিও করছিলে, তোমরা কি জানতে ইট মারবে!

অন্যদিকে গতকালই নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। পরে রাজ্যপাল খোঁজ খবর নিয়ে এদিন সাতসকালে কেন্দ্রকে রিপোর্ট পাঠান। সেই রিপোর্ট পাওয়ার পর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লীতে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র কে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত