ট্রেন ১৫ মিনিটের বেশি লেট? সঙ্গে সঙ্গেই মিলবে অ্যালার্ট, নতুন অ্যাপ আনল Indian Railways

ট্রেনের রিয়েল-টাইম গতিবিধি নজরদারিতে Indian Railways-এর নতুন Punctuality BZA App। যদিও এটি শুধুমাত্র রেলকর্তাদের জন্য, তবুও পরোক্ষভাবে উপকৃত হবেন যাত্রীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: ট্রেন দেরি হলে তার আপডেট দ্রুত জানার জন্য নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার ট্রেন নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিটের বেশি দেরি করলেই সংশ্লিষ্ট রেলকর্তাদের মোবাইলে পৌঁছে যাবে তাৎক্ষণিক নোটিফিকেশন। এই লক্ষ্যেই চালু করা হয়েছে Punctuality BZA App, যা ট্রেনের রিয়েল-টাইম গতিবিধি নজরদারিতে সাহায্য করবে।

বর্তমানে ট্রেনের অবস্থান জানতে অনেকেই বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করেন। তবে সব সময় সঠিক তথ্য মেলে না। সেই সমস্যার সমাধানে রেলের নিজস্ব প্রযুক্তিনির্ভর এই অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে ট্রেনের চলাচল আরও দক্ষতার সঙ্গে পর্যবেক্ষণ করা যায়।

জানা গিয়েছে, Punctuality BZA App সাধারণ যাত্রীদের জন্য নয়। এটি শুধুমাত্র রেলওয়ের আধিকারিক ও কন্ট্রোল অফিসারদের ব্যবহারের জন্য তৈরি একটি অভ্যন্তরীণ অ্যান্ড্রয়েড অ্যাপ। সাউথ কোস্ট রেলওয়ে (South Coast Railway)-এর বিজয়ওয়াড়া ডিভিশন (Vijayawada Division) এই অ্যাপটি তৈরি করেছে। ফলে এটি Google Play Store থেকে ডাউনলোড করা যাবে না।

অ্যাপটি Late Train Monitoring (LTM BZA) সিস্টেমের সঙ্গে যুক্ত। কোনও ট্রেন ১৫ মিনিটের বেশি দেরি করলেই সংশ্লিষ্ট কর্মকর্তার ফোনে তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে যাবে। পাশাপাশি GPS প্রযুক্তির সাহায্যে ট্রেনের সঠিক আগমন ও প্রস্থানের সময়ও রেকর্ড করা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগে ট্রেন ম্যানেজারদের অনেক তথ্য কাগজে সংরক্ষণ করতে হতো। নতুন অ্যাপ চালুর ফলে সেই ডেটা এন্ট্রি ডিজিটাল ও স্বয়ংক্রিয় হবে। প্রয়োজন হলে এক ক্লিকেই রিপোর্টের PDF তৈরি করা যাবে। পাশাপাশি কোন ট্রেন কোন সেকশনে রয়েছে বা কোথাও আটকে আছে কি না, তাও সহজে নজরে রাখা সম্ভব হবে।

যদিও এই অ্যাপ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত নয়, তবুও এর সুফল পরোক্ষভাবে যাত্রীরাই পাবেন। রেলকর্তাদের হাতে ট্রেন চলাচলের রিয়েল-টাইম তথ্য থাকলে ট্রেন পরিচালনা, রুট ম্যানেজমেন্ট এবং বিলম্বজনিত সমস্যা দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। ফলে ভবিষ্যতে ট্রেনের সময়সূচি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন