নজরবন্দি ব্যুরোঃ দেশে হুহু করে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। রাজ্য এই মুহুর্তে দেশের প্রথম স্থানে রয়েছে পজিটিভিটি রেটে। পরিসংখ্যান বলছে বাংলায় এই মুহুর্তে ১০০ টি টেস্ট পিছু আক্রান্তের সংখ্যা ৩১। ঘনবসতিপূর্ণ জনবহুল শহর এলাকার পাশাপাশি অপেক্ষাকৃত ফাঁকা গ্রামীণ এলাকাগুলিতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডার হতে পারে, অসন্তুষ্ট হাইকোর্ট নিযুক্ত কমিটি!
কোভিডের দ্বিতীয় ঢেউ কাটিয়ে ট্রেন চালানোর সময়েই একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিল রেল। যার মধ্যে অন্যতম হল, মাস্ক না পরলেই ৫০০ টাকা ফাইন। কিন্তু এবার থেকে ট্রেনে ওঠা আরও কঠিন হল সাধারণের জন্যে। রীতিমত কড়া গাইডলাইন জারি করেছে ভারতীয় রেল। নয়া গাইডলাইনে বলা হয়েছে মাস্ক ছাড়া ট্রেনে সফর করা তো অনেক দূরের ব্যাপার। ষ্টেশন চত্বরেই প্রবেশ নিষেধ।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও ভি কে ত্রিপাঠি, বোর্ডের সদস্যরা, রেল মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি সমস্ত জোনাল রেলওয়ে, বিভাগীয় রেলওয়ে ম্যানেজারদের সাথে এদিন ভার্চুয়াল বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে স্থির হয়েছে রেল স্টেশন এবং ট্রেনের কামরায় সারপ্রাইজ ভিজিট দেবেন রেলের অফিসাররা। রেলের তরফে যা গাইডলাইন দেওয়া হচ্ছে তা ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন তাঁরা। তবে শুধু যাত্রীদের জন্য নয়, কড়া নির্দেশ দেওয়া হয়েছে রেলের কর্মীদের জন্যেও।
ট্রেনে ওঠা এবার আরও কঠিন হল সাধারণের জন্যে, কড়া গাইডলাইন ভারতীয় রেলের

রেলের সমস্ত কর্মী ও তাঁর সন্তানদের টিকার দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপশি যে সমস্ত রেলকর্মীরা সরাসরি জনগনের সাথে ঘোরাফেরা করেন বা জনবহুল স্থানে থাকেন সেইসব প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়ার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।



