নজরবন্দি ব্যুরোঃ কিছুতেই বাদ মানছে না দেশের করোনা সংক্রমণের গতি। রবিবার রাতেই মোট সংক্রমণের নিরিখে রাশিয়া কে টোপকে গেল ভারত। গত ২৪ ঘণ্টায় ফের ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন করোনাতে।পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ২৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। এদের মধ্যে ৪ লক্ষ ২৪ হাজার ৪৩৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন ।অপর দিকে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। করোনা বিধ্বস্ততায় দেশের মধ্যে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা রোগী ২ লক্ষ ছাড়িয়েছে। শুধুমাত্র তামিলনাড়ুতেই রবিবার আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন। মৃত্যু হয়েছে ৬০ জনের। সবমিলিয়ে ওই রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ১৫১ জন। মৃত্যু মিছিলে শামিল ১ হাজার ৫১০ জন।
দিল্লিতে নতুন করোনা রোগীর সংখ্যা ২ হাজার ২৪৪। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৬৩ জন। সবমিলিয়ে রাজধানীতে মোট করোনা রোগী ৯৯ হাজার ৪৪৪ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৭ জনের। এত খারাপ খবরের মধ্যে আশার খবর এই যে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে ভারতে করোনায় সুস্থার হার দাঁড়িয়েছে ৬০.৮৫ শতাংশে।
অপর দিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১৫ লক্ষ ৫৯ হাজার ২১৩। তবে কোভিড রোগীর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরেই আসছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত।



