নাবালকদের সোশাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ভারত সরকার। দিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী Ashwini Vaishnaw জানান, অস্ট্রেলিয়ার মতোই অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় রয়েছে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্প্রতি অনূর্ধ্ব ১৬ বছরের কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্তকে নজির হিসেবে দেখেই ভারতেও একই ধরনের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী।


এআই সামিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈষ্ণব বলেন, “অনেক দেশই এখন বয়সভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা অনুভব করছে। ডিপফেক-সহ বিভিন্ন সাইবার অপরাধের প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় বয়সভিত্তিক নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”
বিশেষজ্ঞদের মতে, লাগামছাড়া ইন্টারনেট ব্যবহার শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই কারণেই বিভিন্ন দেশে বয়সভিত্তিক বিধিনিষেধের দাবি জোরালো হচ্ছে।
গত ১০ ডিসেম্বর ২০২৫ থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হয়েছে নতুন আইন, যেখানে ১৬ বছরের নিচে কেউ সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। এই আইন না মানলে সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তবে কোনও নাবালক বা তার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে না।


ভারতের পাশাপাশি ব্রিটেনেও বয়সভিত্তিক সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলছে। দেশের মধ্যেও গোয়া ও অন্ধ্রপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে একই ধরনের বিধিনিষেধ নিয়ে ভাবনা শুরু হয়েছে।







