শুভমন গিল ও ঋষভ পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই তরুণ ব্যাটারের অনবদ্য পারফরম্যান্স। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে শতরান করলেন দু’জনেই। যার জেরে এই মুহূর্তে বাংলা টাইগারদের সামনে ৫১৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিল ভারত। শুভমন শেষ পর্যন্ত ১১৯ রানে অপরাজিত থাকেন। ঋষভ আউট হয়ে যান ১০৯ রানে। দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান বোর্ডে তুলে ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।
প্রথম ইনিংসে ভারত রান করে ৩৭৬। হাসান মাহমুদের সামনে রোহিত শর্মারা কিছুটা বিপাকে পড়েছিলেন। শেষে রবীন্দ্র জাডেজা ৮৬ রান ও রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরি করে মান বাঁচান। এরপর বাংলাদেশকে মাত্র ১৪৯ রানে আউট করে ম্যাচে পুরোপুরিভাবে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ভারত। আর এবার দ্বিতীয় ইনিংসে গিল ও পন্থের সেঞ্চুরির দৌলতে ম্যাচে অনেকটাই এগিয়ে গেল রোহিত শর্মা একাদশ।


চেন্নাইয়ের এই টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ৫১৫ রান প্রয়োজন। ব্যাট করতে নেমেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। এই মুহূর্তে ২ ওভার শেষে বাংলাদেশের রান ৮। প্রয়োজন আরও ৫০৭ রান। হাতে এখনও দুই দিনের বেশি সময়। তবে, ভারতের বোলিং লাইন আপের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা এই বিশাল লক্ষ তুলতে পারেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে।







