নজরবন্দি ব্যুরোঃ তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করার পর, এবার দু’ম্যাচের টেস্ট সিরিজেও রোহিত শর্মার ভারত শ্রীলঙ্কাকে চুনকাম করল। প্রথম টেস্টে মোহালিতে ভারত ইনিংস ও ২২২ রানে জিতেছিল। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ভারত জিতল ২৩৮ রানে।
গোলাপি বলে দিন-রাতের টেস্টের ফয়সলা হয়ে গেল প্রায় আড়াই দিনের মধ্যে। দিন রাতের টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেন কুসল মেন্ডিস। করুণারত্নে-মেন্ডিস জুটিকে ভাঙার চেষ্টা করতে থাকেন বুমরা-অশ্বিনরা। কিন্তু এই জুটির লড়াকু মনোভাব ফুটে ওঠে তাঁদের ব্যাটিংয়ে।


তবে ১৯.৪ ওভারের মাথায় এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৫৪ রান করে মেন্ডিস ফেরেন প্যাভিলিয়নে।এর পর এক এক করে লঙ্কান ক্রিকেটাররা এলেন আর গেলেন। প্রথম ইনিংসে ৪৩ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস খাতা খুলতে না খুলতেই (১) ড্রেসিংরুমে ফিরে গেলেন। ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে এল মাত্র ৪ রান। তারই মাঝে দলের ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন অধিনায়ক করুণারত্নে।
সিলভা মাঠ ছাড়লে নিরোসান ডিকওয়েলা ক্যাপ্টেনকে সঙ্গ দেওয়া শুরু করেন। ডিকওয়েলার সঙ্গে চা বিরতি অবধি দলকে টানেন করুণা। আর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট তুলে নিয়ে নয়া রেকর্ড গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা, নয়া নজির অশ্বিনের
টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় অষ্টম স্থানটি দখল করলেন তিনি। পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে। সংক্ষিপ্ত স্কোর, ভারত: ২৫২/১০ (শ্রেয়স-৯২) ও ৩০৩/৯ ডিক্লেয়ার (শ্রেয়স-৬৭, পন্থ-৫০) শ্রীলঙ্কা: ১০৯/১০ (ম্যাথিউজ-৪৩, বুমরাহ-২৪/৫) ও ২০৮/১০ (করুণারত্নে-১০৭, বুমরাহ-২৩/৩, অশ্বিন-৫৫/৪)। ২৩৮ রানে জয়ী ভারত।









