নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ শেষ হলেই তাকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এ জন্য ইসলামাবাদের বানি গালায় ইমরানের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
আরও পড়ুনঃ RBI: ভারতীয় নোটে কবিগুরু ও কালামের ছবি থাকা নিয়ে জল্পনা ওড়াল RBI
এই বিষয়ে রানা সানাউল্লা বলেন, “ইমরান খানের বিরুদ্ধে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলা-সহ নানা অভিযোগে দু’ডজন মামলা দায়ের হয়েছে। জামিনের মেয়াদ শেষ হলে ইসলামাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রীর বানি গালার বাসভবনের সামনে মোতায়েন রক্ষীরাই তাঁকে গ্রেপ্তার করবেন।” বলে রাখা ভাল, গত ২৫ মে দেশে নির্বাচনের দাবিতে ‘আজাদি মার্চ’ শুরু করেন ইমরান খান।

ইসলামাবাদের রাস্তায় জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটারের সমর্থকরা। আজাদি মার্চে গোলমাল বাধার পরেই ইমরান চলে যান পেশোয়ারে। এ সময়ে ইমরান-সহ পিটিআই নেতাদের নামে একাধিক মামলা রুজু হয়েছিল ইসলামাবাদ থানায়। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা।

জামিনের মেয়াদ শেষ হলেই গ্রেপ্তার হবেন ইমরান, হুশিয়ারি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর

এই নিয়ে সংবাদমাধ্যমে রানা সানাউল্লাহ প্রশ্ন তুলেন, ‘বিরোধীদের বিশ্বাসঘাতক বলে জনগণকে প্ররোচিত করা এবং গণতান্ত্রিক ধারা ও মূল্যবোধকে কটাক্ষ করা একজন কীভাবে একটি দলের প্রধান হন?’ তবে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলেও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চে আইনগতভাবে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তাও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।



