পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু আজও আকাশের মুখ ভার। গত তিন দিন ব্যাপক আদ্রতাজনিত কারনে ঘেমে নেয়ে হাঁসফাঁশ করেছে বাঙালি। মনে হচ্ছিল কখন একটু বৃষ্টি হবে। সেই বৃষ্টি এল, আর এল তা ঝমঝমিয়ে। কিন্তু বৃষ্টি থাকবে কতদিন! হাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ বৃষ্টি হতে পারে বাংলা সহ কয়েকটি রাজ্যে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের দাপটে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।
বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছে রয়েছে, দ্বিতীয়টি দক্ষিণ আরাকানের নীচে বাংলার খাড়ির উপর তৈরি হয়েছে। আইএমডির পূর্বাভাস বলছে, উভয় ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলিত হতে পারে। এবং এই দুই ঘূর্ণাবর্তের যৌথ প্রভাব থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা।
IMD জানিয়েছে, জোড়া ঘুর্নাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ঘুর্ণাবর্তের যৌথ প্রভাব থেকে বৃদ্ধি পাবে মৌসুমী বায়ুর সক্রিয়তা। যার জেরেই দেশের একাধিক অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘণ্টায়। যে বৃষ্টি চতে পারে ২ দিন ধরে।
আইএমডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার পাশাপশি পূর্ব-দক্ষিণ ওড়িশা, উপকূলীয় আন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ছত্তীসগঢ়ে মাঝারি পর্যায়ের বৃষ্টি হবে। অন্যদিকে, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং দক্ষিণ গুজরাতে বৃষ্টির তীব্রতা এবং ব্যাপকতা আরও বেশি থাকবে। রাজ্যে রাজ্যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা বুধ-বৃহস্পতিবার।



