নজরবন্দি ব্যুরোঃ বরাবরই তিনি স্পষ্টবক্তা । তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দফায় দফায় বলিউডের নেপোটিজম, মাফিয়ারাজ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন কঙ্গনা রানাওয়াত । বি-টাউনের স্বজনপোষণ আর উন্নাসিকতা নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছেন বলিউডের ক্যুইন। এবার তিনি আরও বিস্ফোরক মন্তব্য করলেন।
তিনি বলেন ‘সুশান্ত সিং রাজপুত সম্পর্কে এখনও পর্যন্ত আমি যা যা বলেছি, তার কোনওটা যদি মিথ্যে হয়, কিংবা আমি যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমার পদ্মশ্রী ফিরিয়ে দেব, বলে দিলাম!…’ কঙ্গনার কথায়, ‘মুম্বই পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁদের জানিয়ে দিয়েছি যে আমাকে জেরা করতে হলে মানালিতে কাউকে পাঠান, কেননা আমি গোটা লকডাউন জুড়েই এখানে পরিবারের সঙ্গে রয়েছি। কিন্তু ওরা তো এখনও কোনও আইনি নোটিস পাঠায়নি আমাকে! তিনি আরও ও বিস্ফোরক ভঙ্গিতে জবাব দিয়েছেন রাজপুতের মৃত্যুর।
তিনি আত্মপক্ষ সমর্থনে বলেন,’আমি এমন মানুষ নই যে বিনা প্রমাণে কারুর উপর অভিযোগ লাগাব আর সেটা হলে আমি পদ্মশ্রী সম্মানের যোগ্য নই’। প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এ বার রেকর্ড করা হল যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার বয়ান। শনিবার মুম্বইয়ের ভারসোভা থানায় আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, প্রায় চার ঘণ্টা ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। এর আগে যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্টের সমস্ত কাগজপত্র, খুঁটিনাটি খতিয়ে দেখেছে পুলিশ। এর আগে যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শন্নো শর্মাকেও জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। তার আগে এই প্রযোজনা সংস্থার দুই প্রাক্তন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।



