টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির টানাপোড়েন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এখনও নিজেদের অবস্থান থেকে সরেনি বিসিবি—কোনও পরিস্থিতিতেই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। সমাধান হিসেবে তারা গ্রুপ বদলের প্রস্তাব দিলেও, সেই পথেও সবুজ সঙ্কেত মিলবে বলে মনে করছে না ক্রিকেট মহল।
শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন International Cricket Council-এর দুই শীর্ষ কর্তা। বৈঠকে স্পষ্ট ভাষায় Bangladesh Cricket Board জানিয়ে দেয়, ভারতে খেলাকে ঘিরে যে নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা তারা তুলেছে, তা নিয়ে বোর্ড এখনও উদ্বিগ্ন। সেই কারণেই ভারতে দল পাঠানো সম্ভব নয়। বিসিবির দাবি, পুরো সূচি না বদলে বিকল্প হিসেবে তাদের অন্য গ্রুপে পাঠানো হলে সমস্যার সমাধান হতে পারে।


বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূত্রের খবর, বিসিবি চাইছে গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশকে রাখা হোক এবং আয়ারল্যান্ডকে পাঠানো হোক গ্রুপ সি-তে। গ্রুপ বি-তে বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড।
তবে বাংলাদেশের এই প্রস্তাব নিয়ে এখনও পর্যন্ত আইসিসি সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ক্রিকেট প্রশাসনের অন্দরমহলে জোর চর্চা, আদৌ এই রদবদল সম্ভব কি না। কারণ, এমন সিদ্ধান্ত কার্যকর করতে হলে শুধু আইসিসি বা বাংলাদেশের সম্মতিই যথেষ্ট নয়—অন্তত আরও সাতটি দলের মতামত প্রয়োজন।
আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। তাদের মতে, এতে বড়সড় লজিস্টিক্যাল জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি, যে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ গ্রুপ বদল করতে চাইছে, তারাও এই প্রস্তাবে রাজি নয়।


সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আইসিসি বাংলাদেশের দাবি ফের প্রত্যাখ্যান করতে পারে বলেই ইঙ্গিত মিলছে। আগামী সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বকাপের আগে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর বিশ্ব ক্রিকেটের।







