নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যুক্ত বিধায়ক থেকে IAS-IPS, বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি তাঁর নিশানা রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ জানিয়ে শুভেন্দু বলেন, ২৩৫ এর দম্ভ এবার গ্রাস করছে তৃণমূল কে। ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন, দুই বিষয় নিয়েই বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু সেই সেই দুই প্রস্তাবই খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে বিএ কমিটির বৈঠক বয়কট করে বিজেপি।
আরও পড়ুনঃ বাম শূন্য বিধানসভায় জ্যোতি বসুর জন্মদিন পালন, শ্রদ্ধা জানাল তৃণমূল-বিজেপি।
তানিয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “বিএ কমিটির গত মিটিংয়ে ছিলাম, আজকের মিটিংয়ে যায়নি কেন? রাজ্যের জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মুলতুবি প্রস্তাব আকারে বিরোধী পক্ষের সদস্যরা আনতে পারেন। এর আগের দিন যেদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল, ২ মে-এর পরবর্তী যে সীমাহীন সন্ত্রাস সে সম্পর্কে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। অধ্যক্ষ বলেছিলেন, সময়ের অভাবে সেটি বাতিল করছেন। আমরা পাঠ করার দাবি করেছিলাম। সেটাও তিনি সেদিন গ্রহণ করেননি। আজ মনোজ টিগ্গা সহ একাধিক বিধায়ক মুলতুবি প্রস্তাবের নোটিস দিয়েছিলেন।”
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যুক্ত বিধায়ক থেকে IAS-IPS, বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার।
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে যুক্ত বিধায়ক থেকে IAS-IPS-কলকাতা পুরসভা, এই অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, “শাসক দলের তৈরি ভুয়ো দেবাঞ্জনকাণ্ড সম্বন্ধে এই নোটিস। আমরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম জনস্বার্থে। আমরা এই বিষয় সরকারের থেকে কিছু শুনতে চেয়েছিলাম এবং আমাদের বক্তব্য মানুষের স্বার্থে তুলে ধরতে চেয়েছিলাম। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কলকাতা পুরসভা, একাধিক বিধায়ক, আইপিএসরা যুক্ত। সেই মুলতুবি প্রস্তাবও বাতিল হয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও মুলতুবি প্রস্তাব পাঠের সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের দাবি বাতিল করা হচ্ছে। তাই আমরা বিএ কমিটির মিটিংয়ে যাইনি।”
বিজেপির দাবি বিরোধীদের কন্ঠরোধ করছে তৃণমূল সরকার, কিছু বলার সুযোগই দেওয়া হচ্ছে না। সেই কারনেই তাঁদের কোন বিধায়ক থাকেননি বিএ কমিটির বৈঠকে। এর আগে বিধানসভা শুরুর দিন, রাজ্যপালের ভাষণে কেন ভোট পরবর্তী হিংসা ও ভুয়ো ভ্যাকসিন কান্ড নেই তা নিয়েও সোচ্চার হয়েছিল বিজেপি।



