নজরবন্দি ব্যুরোঃ একটি বাংলা চ্যানেলের সাংবাদিকের সঙ্গে এক পুরুষ কন্ঠের ফোনালাপের অডিও ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই পুরুষ কন্ঠের ব্যক্তিটি কবীর সুমন বলেই মনে করা হচ্ছে। সেই ফোনালাপের প্রেক্ষিতে শনিবার একটি ফেসবুক পোস্ট করেন কবীর সুমন। তিনি লিখেছেন, “ফোনে হোয়াটসঅ্যাপে স্বাভাবিকভাবেই আমি আক্রান্ত। এটাই হবার কথা। আমার যায় আসে না। যা করেছি তা, দরকার হলেই, আবার করব”।
আরও পড়ুনঃ অপপ্রচার বরদাস্ত হবে না, মমতা-অভিষেকের বৈঠকে কঠোর বার্তা তৃণমূলের
উল্লেখ্য, ভাইরাল হওয়া সেই ফোনালাপে বেশ কিছু কটুক্তি ছিল। এমনকি সাংবাদিকের সঙ্গে যে ব্যক্তির কথা হচ্ছিল তিনি বলছিলেন ওই অডিও ব্রডকাস্ট করার জন্য। ওই ব্যক্তির অভিযোগ ছিল, প্রবীন গায়িকা সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টাও করছেন তাঁরা। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে শনিবার কবীর সুমন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, কিছুর পক্ষে যুক্তি দিতে যেও না। তোমার বন্ধুদের তা দরকার পড়বে না। তোমার শত্রুরা তা বিশ্বাস করবে না। সাংবাদিক, সংবাদমাধ্যম, শিল্পীর কোনও আলাদা স্বাধীনতা থাকতে পারে বলে মনে করি না। যে কোনও মানুষের যে অধিকার, তাদের অধিকার ততটাই। একটি বিশেষ চ্যানেল ও তার সাংবাদিকরা দিনের পর দিন যা করে যাচ্ছে, তার জবাব দিয়েছি উপযুক্ত ভাষায়। সুরসম্রাজ্ঞীর অপমানের বিরুদ্ধে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে কোন চ্যানেলের কোন সাংবাদিক কী করেছে, বলেছে আমি ভুলিনি”।
তাঁর সংযোজন, “সারা দুনিয়ায় সংবাদমাধ্যম ও সাংবাদিকরা তাদের ইচ্ছেমতো পথে চলে। যে কোনও উপায় নেয়। যার হাতে চ্যানেল-কাগজ কিছু নেই, সে-ও তার ইচ্ছেমতো উপায় নেবে। এ বিষয়ে যাঁদের আগ্রহ, জার্মান কাহিনিকার হাইনরিশ্ ব্যোল্ (Heinrich Boell)-এর লেখা The Lost Honour of Katharina Blum উপন্যাসটি পড়ুন। বইটি পড়া দরকার। এক প্রাক্তন সাংবাদিক ও নিয়মিত পাঠক হিসেবে বলছি”। পোস্টের শেষে লিখেছেন,”জয় বাংলা, জয় বাংলা খেয়াল, জয় সুরসম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়”।

গীতশ্রী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভুষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু সরকারের দেওয়া সেই সম্মান প্রত্যাখান করেছেন সুরসম্রাজ্ঞী সন্ধ্যা মুখ্যোপাধ্যায় নিজেই। এরপর কবীর সুমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ধ্যার মতো প্রবীণ গায়িকাকে ‘পদ্মশ্রী’ খেতাব দিতে চেয়ে কেন্দ্রীয় সরকার অন্যায় করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সেদিন সন্ধ্যাতেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
দরকার হলে আবার করব, আমার যায় আসে নাঃ কবীর সুমন

সম্প্রতি কবীর সুমনের ভাইরাল অডিও ঘিরে নেট মাধ্যমে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পক্ষে বিপক্ষে মতামত দিতে শুরু করেছেন অনেকেই। এরই মধ্যে শনিবার কবীর সুমনের আরও একটি পোস্ট জল্পনা বাড়িয়েছে।



