নজরবন্দি ব্যুরোঃ শুধুমাত্র দলবদল আর তাতেই ভেঙে গেল একটা সংসার। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে। তারপর বেশ কিছুদিন পেরিয়েছে। এবার স্বামী সৌমিত্র খাঁকে পাল্টা চিঠি দিলেন সুজাতা। যার পরতে পরতে স্বামীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন তাঁদের ভালবাসার কথা। বললেন, বিজেপির কারণেই আজ তিনি ঘরছাড়া। গত ডিসেম্বরেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। যা তাঁর ব্যাক্তিগত জীবনে নাটকীয় মোড় এনে দেয়।
স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্যে তাঁকে ডিভোর্সের কথা ঘোষণা করেন। পরের দিনই আইনি নোটিস পৌঁছে যায় সুজাতার কাছে। তারপরই একাধিকবার সুজাতার মুখেই বিজেপির কারনেই তার ঘর ভেঙেছে বলে শোনা যায়। এবার বিবাহ বিচ্ছেদের নোটিসের পরিপ্রেক্ষিতে স্বামী সৌমিত্রকে চিঠি পাঠালেন সুজাতা। তাতে তিনি লিখেছেন, “আমি কোনওদিনও বিচ্ছেদ চাইনি। আমি আজও ডিভোর্সে রাজি নই। তোমার থেকে আলাদা হব, একথা আজও আমি ভাবতে পারি না।”
এরপরই পুরনো স্মৃতি উসকে সুজাতা লেখেন, “গত ১০ বছরে একসঙ্গে বহু চড়াই-উতরাই আমরা পেরিয়েছি। সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থেকেছি। সঙ্গে থেকেছি। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরই তুমি আমাকে পর করে দিলে।” তিনি আরও লেখেন, লেখেন, “বিজেপি ছাড়তেই তুমি কান্নাকাটি করলে, বললে ওরা তোমার ঘরের লক্ষ্ণী চুরি করেছে। আবার বিচ্ছেদের নোটিসও পাঠালে। যদি সত্যিই ঘরের লক্ষ্ণী মনে করতে তবে কি পারতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে? আর যদি তা মনে না কর, তাহলে তুমি যে অভিনয় করেছ, তা নিঃসন্দেহে দারুণ।” পাশাপাশি গোটা ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, “তোমার আমাকে ডিভোর্সের নোটিস পাঠানোই প্রমাণ করে দিল যে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত স্ত্রীকে নিজেদের স্বপ্ন বিসর্জন দিতে হবে।”



