নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি সহ একাধিক দাবিতে বাম যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র উত্তরকন্যা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে সিপি(আই)এমের যুব সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। এমনকি লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের সেল। প্রথমে পুলিশ বাধা দিলে বসে পরে মিনাক্ষীরা। দীর্ঘ সময় ধরে বচসার পর তাঁদের গ্রেফতার করা হয়েছে।


শূন্যপদে স্থায়ী নিয়োগ, স্থায়ী নতুন পদ তৈরির দাবিতে এবং আর্থিক দুর্নীতি ও বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের ওই যুব সংগঠনটি। মিছিলও শুরুর আগে শিলিগুড়ির মহানন্দা সেতুতে জমায়েত শুরু করেন ডিওয়াইএফআইয়ের সদস্যরা। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলার কর্মীরা জমায়েত করেন মহানন্দা সেতু সংলগ্ন মোহনবাগান অ্যাভিনিউয়ে।

মিছিলও শুরুর আগে মিনাক্ষী বলেন, তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দল।সবার শেষে এখন মিড ডে মিলের খাবার চুরি করছে। কোনভাবেই চুরি রোখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস চাকরির টাকা এবং খাবারের টাকা চুরি করে নিজেদের পকেট ভরা শুরু করছে। আর বারেবারে নিজেদের ভান্ডার বাড়িয়ে তুলছেন। মানুষকে বোকা বানাচ্ছেন তৃণমূল সরকার।আর আমরা লড়াই করছি সত্যের পক্ষে এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে।
মিছিলও তিনবাত্তি মোড়ে পৌঁছতেই তাঁদের পথ আটকায় পুলিশ। বসে পড়েন মিনাক্ষীরা। সেখান থেকে মিনাক্ষীর বক্তব্য, পুলিশ তৃণমূলের নেতাদের সঙ্গে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। তাঁদের এর জবাব দিতে হবে। আমাদের ডেপুটেশন জমা দেওয়ার জন্য আশ্বাস দিতে হবে।


বাম যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র উত্তরকন্যা, আহত দুই পক্ষের একাধিক

অভিযোগ, ওই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা অভিযোগ উঠেছে, এর পর পুলিশকে পাল্টা ইট ছোড়েন ডিওয়াইএফআই সদস্যরা। এর পর মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করার চেষ্টা চলে। গ্রেফতার হন কয়েকজন ডিওয়াইএফআই কর্মী।







