নজরবন্দি ব্যুরো: জসপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ারের শারীরিক অবস্থা কেমন? এ নিয়ে আপডেট জানাল বিসিসিআই। নিউ জিল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে আসার পর, কয়েক দিন বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার তারকা জোরে বোলার বুমরা। এরপর গত সপ্তাহ থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিয়েছেন বুমরা।



বোর্ডের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে বুমরা পিঠের ব্যথা অনুভব করছেন না। ফলে ইতিমধ্যেই হাই ইনটেনসিটি ট্রেনিং শুরু করে দিয়েছেন এই ফাস্ট বোলার।ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর অনুশীলনে বল করার সময় কোনও অস্বস্তি অনুভব করছেন না বুমরা।



এদিকে বোর্ডের পাঠানো বিবৃতি অনুসারে শ্রেয়স আইয়ারকে পিঠের অস্ত্রোপচার করাতেই হবে। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার হতে পারে। এরপর তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ম অনুযায়ী থাকতে হবে। সেখানেই চলবে ফিট হয়ে ওঠার চেষ্টা।
কতটা ফিট হলেন বুমরা-শ্রেয়স, আপডেট জানাল বিসিসিআই

এমনিতেও শ্রেয়স বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন না। শোনা যাচ্ছে তাঁর জায়গায় অজিঙ্কা রাহানের কথা ভাবা হচ্ছে। বোর্ডের আশা ঘরের মাঠে বুমরা ও শ্রেয়স, দু’জনই বিশ্বকাপ খেলবেন।







