জল্পনাই সত্যি হল। দীর্ঘ টালবাহানার পর জমি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেফতার হেমন্ত সোরেন (Hemanat Soren)। গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের পর রাঁচির সরকারি বাসভবন থেকে হেমন্তকে গ্রেফতার করে ইডি। এবার চর্চা শুরু হয়েছে, ঝাড়খণ্ডের ভবিষ্যৎ কী?

আরও পড়ুন: সাত দিনের মধ্যে নিয়োগ পাবেন প্রায় ১০ হাজার শিক্ষক, প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ পর্ষদের
বুধবার রাতে হেমন্ত সোরেনের বাড়িতে পৌঁছায় ইডির দল। জমি দুর্নীতি মামলায় বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১০ টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। জানা যায়, বুধবার রাতেই ৮ টা ২৫ নাগাদ হেমন্ত সোরেনের কনভয়ে রাজভবনে প্রবেশ করে। সেখান থেকে ভিক্টরি সাইন দেখিয়ে হাসি মুখেই বেরিয়ে আসেন তিনি। হেমন্ত রাজভবনে ইস্তফা পত্র জমা দিতেই গিয়েছিলেন বলে খবর। এরপরই কয়েক ঘণ্টার মধ্যে খবর আসে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) নেতা-বিধায়করা রাত থেকেই হেমন্ত সোরেনের বাসভবনে এসে পৌঁছেছেন। তাঁরা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন। জেএমএম নেতা চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। কিছু সময়ের মধ্যেই রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। হেমন্তের গ্রেফতারির জল্পনা শুরু হতেই মুখ্যমন্ত্রী হিসেবে দুজনের নাম সামনে আসে। একজন, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, দ্বিতীয় চম্পাই সোরেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে জিতে যান জেএমএম (JMM) নেতা।
দীর্ঘ টালবাহানার পর ইডির জালে হেমন্ত সোরেন, গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা

সোমবার দিল্লিতে হেমন্ত সোরেনের বাড়িতে ১৩ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে ৩৬ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়ি। হেমন্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যে চর্চা শুরু হয়েছে তা নিয়ে বিজেপি কটাক্ষ করে বলে, দুর্নীতি সামনে আসতেই পালিয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM)। মঙ্গলবার ‘খোঁজ’ পাওয়া যায় হেমন্ত সোরেনের। জানা যায়, সড়ক পথে রাঁচি ফিরে গিয়েছেন তিনি। বুধবার সেখান থেকেই গ্রেফতার হন ঝাড়খণ্ডের ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী।



