আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলায় ফের পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। কিন্তু রাজ্য সরকারের তরফে প্রধান বিচারপতির এজলাসে শুক্রবারের এই নির্ধারিত শুনানি স্থগিত রাখার আবেদন জানানো হয়। আর সেই আবেদন মঞ্জুর করেই ২৭ সেপ্টেম্বর শুক্রবার এই মামলার শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী সোমবার ৩০ শে সেপ্টেম্বর হবে আরজি কর মামলার এই শুনানি।
এর আগে সুপ্রিম কোর্টে হয় আরজি কর হত্যা এবং ধর্ষণ মামলার শুনানি হয় ১৭ সেপ্টেম্বর। শুনানি চলাকালীন ডাক্তারদের নিরাপত্তায় কী পদক্ষেপ রাজ্যের, জানতে চেয়েছিল আদালত। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, “গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে?” রাজ্যের আইনজীবী বলেন, “আমরা পদক্ষেপ করেছি। আদালতকে ওই বিষয়ে জানাচ্ছি।”


অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, “অভিযুক্ত পুলিশের এক জন। তিনি এক জন সিভিক ভলান্টিয়ার। নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব দেওয়া হয়নি তো? নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলান্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেড়িয়েছেন।” রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? যেখানে সব সময় কাজ চলছে। ডাক্তাররা ৩৬ ঘণ্টা কাজ করছেন। সেখানে এমন নিরাপত্তা কেন?”









