নজরবন্দি ব্যুরোঃ এসএসসির গ্রুপ ডির পর গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। ভুয়ো নিয়োগের অভিযোগে এই ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এই ৩৫০ জন যাতে বেতন না পান সেজন্য জেলা পরিদর্শকদের নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি ৩৫০ জনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নাহলে জেলা স্কুল পরিদর্শককে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ১৫ মার্চ পরবর্তী শুনানি।
আরও পড়ুনঃ SSC Group D: গ্রুপ ডি নিয়োগে কড়া পদক্ষেপ হাইকোর্টের, সিবিআইকেই অনুসন্ধানের নির্দেশ


এর আগেই গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বাধীন কমিটি ভেঙে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রেও যেহেতু অভিযোগ গুরুতর তাই একই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ছিল এই ৩৫০ জনের নিয়োগ কার সুপারিশে হয়েছে? স্কুল সার্ভিস কমিশন নাকি বোর্ড?
চাইলে ৩৫০ জন হলফনামা জমা দিতে পারে। সেক্ষেত্রে কার কাছ থেকে অথবা কার সুপারিশে নিয়োগ হয়েছিল সেকথা উল্লেখ করতে হবে। এতদিন অবধি কত টাকা বেতন পেয়েছেন সেই কথাও উল্লেখ করতে হবে।
গ্রুপ ডির পর গ্রুপ সি, বেনজির সিদ্ধান্ত আদালতের

এদিন জরুরী ভিত্তিতে আগের রায় খারিজের আবেদন জানানো হয়। সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়ার জন্য সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়। বিরোধিতা করেন মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এই মামলার শুনানি হবে বিকেল ৪ টে নাগাদ।









