নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন বন্ধ করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। সোমবার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় মামলার গ্রহণযোগ্যতা নেই। একইসঙ্গে জরুরী অবস্থা জারি করা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: রাজীব নিয়োগে বৈধতা নিয়ে দায়ের জনস্বার্থ মামলাটি খারিজ করল হাইকোর্ট
পঞ্চায়েত নির্বাচন বন্ধ এবং রাজ্যে জরুরী অবস্থা জারি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রাক্তন সেনা আধিকারিক শ্রীধর বাগারি। মামলাকারী অভিযোগ জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। শাসক দলের নির্দেশে কাজ করছে কমিশন। মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার গ্রহণযোগ্যতা নেই। যার ফলে খারিজ হয়ে যায় ভোট বন্ধের আর্জি।

প্রধান বিচারপতি জানান, নির্বাচন কমিশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান। আদালত তার কাজে হস্তক্ষেপ করতে পারে না। মানুষের জীবন-জীবিকায় আঘাত এলে আদালত অবশ্যই ব্যবস্থা নেবে। এদিন আদালতে রাজ্যের তরফের আইনজীবী দাবি করেন, রাজ্য সরকার মামলা নিয়ে কিছুই জানে না। কমিশন ভোটের দিন ঘোষণার পর আদালত হস্তক্ষেপ করতে পারে না। ভোটের দফা ঘোষণার পর নতুন করে দফা ঘোষণার নিয়ম-আইন নেই। রাজ্যপাল বা হাইকোর্ট জরুরী অবস্থা জারি করতে পারে না। হাইকোর্টের তরফেও জানানো হয়, কোন পরিস্থতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে, তা একমাত্র রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগে বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। সোমবার সেই মামলাটিকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির মন্তব্য প্রচারের আলোয় আসার জন্যই মামলা করেছেন মামলাকারী।
ভোট বন্ধ করার দাবি, জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট










