মমতার সফর ঘিরে তুমুল বিক্ষোভ, আজ হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু! যাবেন বিরজুর বাড়ি

মমতা বন্দ্যোপাধ্যায়ের হালিশহর সফর ঘিরে বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোরের পর সোমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরজু কেওতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর ঘিরে রবিবার উত্তপ্ত হয়েছিল হালিশহর। মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, জুতো ও কাদা ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই সোমবার হালিশহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

রবিবার আচমকাই হালিশহরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশ্য ছিল মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের পরিবারের সঙ্গে দেখা করা। কিন্তু এলাকায় ঢোকার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।

- Advertisement -

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো ও কাদা ছোড়ার অভিযোগও ওঠে। পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয় বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, শান্ত হালিশহরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

পুলিশি নিরাপত্তায় বিরজু কেওতের বাড়ির সামনে পৌঁছলেও শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে পারেননি মমতা। মৃত তৃণমূলকর্মীর স্ত্রীও তাঁর সঙ্গে দেখা করেননি বলে জানা গিয়েছে। বাড়ির বাইরে বিরজুর দাদার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ফিরে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এই ঘটনার জন্য বিজেপি (BJP) এবং বীজপুরের বিজেপি বিধায়কের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মমতা। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর সফরকে ঘিরে বিক্ষোভ তৈরি করা হয়েছে। যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দাবি, হালিশহরের ঘটনার সঙ্গে বিজেপির কোনও নেতা বা কর্মী যুক্ত নন। বরং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আগাম না জানিয়েই আচমকা সেখানে পৌঁছে গিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, মমতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান, ফলে এমন সফরের আগে পুলিশকে জানানো উচিত ছিল।

- Advertisement -

মমতাকে কটাক্ষ করে শুভেন্দু আরও দাবি করেন, মৃতের পরিবারের সদস্যরা পুলিশের তদন্তেই আস্থা রাখছেন। তাঁর অভিযোগ, পরিবারের সঙ্গে দেখা করার পরিবর্তে আইনজীবীকে সঙ্গে নিয়ে গিয়ে রাজনৈতিক ‘নাটক’ করা হয়েছে। এমনকি পরিবারের তরফে মমতার জন্য বাড়ির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

এর পাশাপাশি আরজি কর কাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, মমতা চাইলে অভয়ার বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে পারতেন। সেখানকার পরিবারের কাছেও ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

রবিবারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার হালিশহরে যাচ্ছেন শুভেন্দু। সূত্রের খবর, সোমবার সকালেই তাঁর সেখানে পৌঁছনোর কথা। মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করাও তাঁর কর্মসূচির অংশ হতে পারে।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত হালিশহর সফরের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাল্টা সফর ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে। রবিবারের বিক্ষোভ এবং অভিযোগ-পাল্টা অভিযোগের পর সোমবার মুখ্যমন্ত্রীর সফরে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর