বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকায় বড়সড় রদবদল—গুজরাতে এক ধাক্কায় বাদ পড়েছে ৬৮ লক্ষের বেশি নাম। শুধু মোদীর রাজ্যই নয়, পুদুচেরি ও লক্ষদ্বীপেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। নতুন করে সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা আপডেটের এই প্রক্রিয়া এখনও চলমান এবং শেষ দিন পর্যন্ত নাম তোলা বা সংশোধনের সুযোগ থাকবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসআইআর শুরু হওয়ার আগে গুজরাতে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬। সংশোধন প্রক্রিয়া শেষে তা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫-এ। অর্থাৎ মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।


এর আগে গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর জানায়, খসড়া তালিকায় প্রায় ৭৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল, ফলে সংখ্যা নেমে এসেছিল ৪ কোটি ৩৪ লক্ষে। পরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৫ লক্ষ ৬০ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ায় চূড়ান্ত তালিকায় সংখ্যা কিছুটা বেড়ে ৪ কোটি ৪০ লক্ষে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত কমিশনের নতুন পরিসংখ্যানে এই পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে।
অন্যদিকে, ছোট কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই প্রবণতা। লক্ষদ্বীপে এসআইআর শুরুর সময় ভোটার ছিলেন ৫৭,৮১৩ জন, যা কমে হয়েছে ৫৭,৬০৭—অর্থাৎ ২০৬ জনের নাম বাদ পড়েছে। পুদুচেরিতে আরও বড় কাটছাঁট—১০ লক্ষ ২১ হাজার ৫৭৮ থেকে কমে ৯ লক্ষ ৪৪ হাজার ২১১-এ নেমে এসেছে ভোটার সংখ্যা। এখানে বাদ পড়েছে ৭৭ হাজার ৩৬৭ জনের নাম।
কমিশন স্পষ্ট করেছে, ভোটার তালিকা সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম ৬ (নাম তোলা), ফর্ম ৭ (নাম বাদ), এবং ফর্ম ৮ (তথ্য সংশোধন) জমা দেওয়া যাবে।


ইতিমধ্যেই বিহার ও অসমে সংশোধনের কাজ শেষ হয়েছে। আন্দামান ও নিকোবর, ছত্তীসগড়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ ও রাজস্থানে আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গে এই তালিকা প্রকাশের নির্ধারিত দিন ২৮ ফেব্রুয়ারি—যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।








