নজরবন্দি ব্যুরো: মহালয়ার দিনেই বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এবার পুজোতে অর্থাৎ আগামী চতুর্থী থেকে নবমী পর্যন্ত গভীর রাতে চলবে সরকারি বাস। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যায় সরকারি বাস রাস্তায় নামাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
আরও পড়ুন: নভেম্বরেই রাজ্য থেকে বিদায় নেবে ডেঙ্গু, জানালেন চিকিৎসকেরা


শুধু তাই নয়, উৎসবে দিনগুলিতে ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার জন্য ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নিগমের চালক, কন্ডাক্টর ছাড়াও ট্র্যাফিক বিভাগের সঙ্গে যুক্ত সব আধিকারিক-কর্মীদের ছুটি বাতিল করেছেন রাজ্য সরকার। প্রসঙ্গত, এর আগে বেসরকারি বাস সংস্থার পক্ষ থেকে পুজোতে সারারাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতএব, এবার বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়েই পুজোয় রাস্তায় নামছে সরকারি বাসও।

সূত্রের খবর, পুজোতে অর্থাৎ চতুর্থী থেকে ষষ্ঠীর মধ্যে বাজারের ভিড়ের কথা মাথায় রেখেই দিনের বেলা থেকেই বেশি সংখ্যক বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখনই শহরের অনেক বড় পুজোর আগেই উদ্বোধন হয়ে গিয়েছে, তাই রাতের দিকেও ভিড় বাড়বে বলেই আশঙ্কা করছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। সেই কারণেই বেসরকারি বাসের মতই পুজোর দিন-রাত চলবে সরকারি বাসও।



রাজ্য পরিবহণ নিগম সূত্রে জানা যাচ্ছে, উত্তর-দক্ষিণ কলকাতা থেকে শুরু করে ই এম বাইপাস, নিউ টাউন, এসপ্লানেড থেকে ডানলপ, তাছাড়াও বারাসত সংলগ্ন বিভিন্ন রুটে বিশেষ শাটল সার্ভিস চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাছাড়াও যদি কোনও কারণে মেট্রোর পরিষেবা ব্যাহত হয় তাহলে রাজ্য সরকারের এই একাধিক পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন আধিকারিকরা।
এবার পুজোয় রাস্তায় নামছে সরকারি বাস, চতুর্থী-নবমী রাতে মিলবে পরিষেবা








