৪০% অ্যান্ড্রয়েড ফোন নিরাপত্তা ঝুঁকিতে! পুরনো সফটওয়্যারেই বাড়ছে হ্যাকারদের সুযোগ, সতর্ক করল গুগল

গুগলের রিপোর্টে চাঞ্চল্য—বিশ্বজুড়ে ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ফোনে নেই জরুরি নিরাপত্তা প্যাচ। পুরনো সফটওয়্যার ব্যবহারকারীদের দ্রুত আপডেট বা ফোন বদলের পরামর্শ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কি আপডেটেড? না হলে আপনি হয়তো বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। গুগলের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে নেই প্রয়োজনীয় নিরাপত্তা প্যাচ। অর্থাৎ, কোটি কোটি ব্যবহারকারীর ফোন সহজেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা সাইবার হামলার লক্ষ্য হতে পারে।

গুগলের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস এখনও এমন সফটওয়্যার ব্যবহার করছে, যেখানে গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট নেই। গত বছর থেকেই অ্যান্ড্রয়েড ১২ এবং তার আগের সংস্করণের জন্য আনুষ্ঠানিক নিরাপত্তা সহায়তা বন্ধ করে দিয়েছে গুগল।

বর্তমানে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে মাত্র ৫৮ শতাংশ ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ রয়েছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৬ চলছে মাত্র ৭.৫ শতাংশ ডিভাইসে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশি, তবু বিপুল সংখ্যক মানুষ এখনও পুরনো সংস্করণেই আটকে রয়েছেন।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুরনো সফটওয়্যার ব্যবহার করা ফোনগুলি সাইবার অপরাধীদের কাছে সহজ লক্ষ্য। অফিসিয়াল প্যাচ না থাকলে হ্যাকাররা অজান্তেই ফোনে ঢুকে ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডেটা এমনকি ব্যক্তিগত মেসেজও হাতিয়ে নিতে পারে।

এই পরিস্থিতিতে গুগলের পরামর্শ, যাদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরের সংস্করণ নেই, তারা যত দ্রুত সম্ভব ডিভাইস আপডেট করুন বা প্রয়োজনে নতুন ফোন ব্যবহার করুন। বিশেষজ্ঞদের মতে, অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখা জরুরি, যাতে নতুন নিরাপত্তা প্যাচ সঙ্গে সঙ্গে ইনস্টল হয়।

সাইবার হামলার ঝুঁকি যেভাবে বাড়ছে, তাতে আপডেটেড সফটওয়্যার ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহার করা এখন বড় ঝুঁকিরই সমান—গুগলের এই সতর্কবার্তা সেই বাস্তবতাকেই সামনে আনছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত