নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ! মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার, সাথে ক্রমহ্রাসমান জিডিপি। তবে এখন কিছুটা অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজার ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে। কিন্তু সোনার দামে কোন স্থিরতা নেই, রয়েছে তীব্র ওঠানামা।
আরও পড়ুনঃ সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখি, করোনার দাপট কমার স্পষ্ট ইঙ্গিত দেশে।


এই পরিস্থিতিতে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ প্যাকেজের আশায় কয়েক দিন আগেও হুহু করে বাড়ছিল সোনার দাম। কিন্তু সেই প্যাকেজ এখন পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক ও বিরোধী শিবিরে মতপার্থক্যের জেরে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যাকেজের ঘোষণার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। ফলে বিশ্ব বাজারে এক ঝটকায় দাম কমেছে সোনার।
লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ! আজ থেকে ঠিক ৭ দিন আগে অর্থাৎ গত ২৩শে অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫০ হাজার ১২০ টাকা। আজ লক্ষীপুজোর দিন অর্থাৎ ৩০শে অক্টোবর সেই দাম দাঁড়িয়েছে ৪৯ হাজার ১০ টাকা অর্থাৎ গত ৭ দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম কমেছে ১ হাজার ১১০ টাকা। অন্যদিকে আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫২ হাজার ৬১০ টাকা।
করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। লক্ষ্মীপুজোর দিন অনেকটাই কমেছে রূপোর দামও। কলকাতায় ১ কেজি রূপোর আজকের দাম ৬২ হাজার ৪২০ টাকা। তবে দেশের বাজারে সব রাজ্যে বা শহরে সোনার দাম এক নয়। অন্যদিকে, এখন ভালো সময় যাচ্ছে মার্কিন ডলারের। এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে আছে মার্কিন মুদ্রা।









