ইদের বাজারে স্বস্তি মিলল ক্রেতাদের। বৃহস্পতিবার দেশে হঠাৎ করেই বড়সড় পতন দেখা গেল সোনার দামে। একদিনে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম কমেছে ২,২৩0 টাকা। একইসঙ্গে ২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার দামেও বড় পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা এবং মার্কিন-ইরান শান্তি আলোচনার অনিশ্চয়তার জেরেই হলুদ ধাতুর বাজারে এই অস্থিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে গত কয়েকদিন ধরেই ওঠানামা চলছে। বিনিয়োগকারীরা এখন মূলত অপরিশোধিত তেলের দাম, মার্কিন ডলার এবং মার্কিন ট্রেজারি ইল্ডের উপর নজর রাখছেন। এর পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তও সোনার বাজারে বড় প্রভাব ফেলছে।


বিশেষজ্ঞদের মতে, মার্কিন-ইরান সংঘাত নিয়ে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও কূটনৈতিক অগ্রগতি না হওয়ায় বাজারে অনিশ্চয়তা বজায় রয়েছে। ফলে বড় বিনিয়োগকারীরা আপাতত আগ্রাসীভাবে সোনায় বিনিয়োগ করতে চাইছেন না। তার জেরেই দাম কিছুটা নীচের দিকে নেমেছে।
এছাড়াও বিনিয়োগকারীরা এখন আমেরিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে এডিপি কর্মসংস্থান রিপোর্ট, জিডিপি তথ্য এবং ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিসিই মূল্যস্ফীতির সূচকের দিকে নজর রয়েছে বাজারের। এই তথ্যের উপর ভিত্তি করেই আগামী দিনে ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা স্পষ্ট হবে।
বৃহস্পতিবার ভারতের বাজারে ২৪ ক্যারাট খাঁটি সোনার ১০ গ্রামের দাম কমেছে ২,২৩0 টাকা। ২২ ক্যারাট গয়না সোনার ১০ গ্রামের দাম কমেছে ২,০৫০ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম কমেছে ১,৬৮০ টাকা।


কলকাতায় আজ ২৪ ক্যারাট খাঁটি সোনার প্রতি গ্রামের দাম ১৫,৬০৬ টাকা। ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১৪,৩০৫ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ১১,৭০৪ টাকা।
একই ছবি দেখা গিয়েছে দিল্লি ও মুম্বইতেও। এই দুই শহরেও ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৫,৬০৬ টাকা। ২২ ক্যারাটের দাম ১৪,৩০৫ টাকা এবং ১৮ ক্যারাট সোনার দাম ১১,৭০৪ টাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন আন্তর্জাতিক পরিস্থিতি এবং মার্কিন অর্থনৈতিক তথ্যের উপর নির্ভর করবে সোনার দামের পরবর্তী গতি। ফলে বিনিয়োগকারী ও ক্রেতাদের এখন কিছুটা সতর্ক থেকেই বাজারের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



