নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। সঙ্গে দোসর ইদ। উৎসবের এই ভরা মরসুমে আমজনতার মুখে হাসি ফুটল সোনার দামে (Gold Price)। ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। আর তার পাশাপাশি লাফিয়ে বাড়ছিল সোনার দাম। সেই দুরাবস্থা কাটিয়ে একদিনে অনেকখানি সস্তা হল সোনা। উৎসবের মরসুমে যাঁরা সোনা কিনবেন ভাবছেন তাঁদের জন্য বড় সুখবর।
আরও পড়ুনঃ রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে যুবরাজ


গতকাল ১ মে অবধিও ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৩৯০ টাকা। কিন্তু সোমবার মাত্র একদিনের মধ্যে তা কমে হল ৪৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে সোনার দাম (Gold Price) কমল প্রায় ১ হাজার ১৯০ টাকা। শুধু গয়না সোনা নয়, ২ তারিখ সস্তা হয়েছে ২৪ ক্যারাট সোনাও। গতকাল পর্যন্ত যার দাম ছিল ৫২ হাজার ৭৯০ টাকা, একদিনে তা কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫১০ টাকা। দাম কমেছে ১ হাজার ২৮০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা কমেছে। ২ মে সোমবার রুপোর দাম ৬২ হাজার ৭০০ টাকা প্রতি কেজি। এপ্রিলের শুরুতে এক কেজি রুপো ৬৭ হাজারের বেশি দামে বিকোচ্ছিল। তবে মাস যত এগিয়েছে দাম কমেছে। সোমবার নতুন করে ৮০০ টাকা সস্তা হয়েছে রুপো।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে গয়নাগাটি কেনার ধুম পড়ে যায়। অনেকেই মনে করেন এই বিশেষ তিথিতে সোনা কিংবা রুপো কেনা শুভ। তাছাড়া মঙ্গলবার ইদ। ইদ উপলক্ষেও গয়নাগাটি কিনে থাকেন মানুষ। ফলে সোনা রুপোর দাম কমে যাওয়ায় মন খুলে কেনাকাটা করতে পারবেন সকলে।


রাত পোহালেই অক্ষয় তৃতীয়া সঙ্গে ইদ, একলাফে অনেকটাই দাম কমলো সোনা-রুপো

ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। পয়লা বৈশাখে সোনার দাম বেশি থাকায় লাভের মুখ দেখতে পারেননি তাঁরা। গতমাসে সোনাদানা খুব বেশি বিক্রি হয়নি। অক্ষয় তৃতীয়ায় সেই আক্ষেপ পুষিয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল।








