ম্যাচ জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে রাতের অন্ধকারে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে পড়ল তীব্র অস্বস্তির সুর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরই আচমকা বিস্ফোরক বার্তা দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। এক গভীর রাতের পোস্টে তিনি কার্যত প্রশ্ন তুলে দিলেন—ভারতীয় ক্রিকেটে কি সত্যিই চলছে ‘গৃহযুদ্ধ’? আর সেই লড়াইয়ে কি তাঁকেই দাঁড় করানো হচ্ছে নিজের লোকেদের বিরুদ্ধে?
বুধবার নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পরই এই বিতর্কের সূত্রপাত। কোচ হিসেবে নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে যে আলোচনা চলছে, তা যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না—সেই ইঙ্গিতই দিলেন গৌতম গম্ভীর। তাঁর বক্তব্যে স্পষ্ট, তাঁকে ঘিরে যেভাবে ‘অসীম ক্ষমতাসম্পন্ন কোচ’-এর ছবি আঁকা হচ্ছে এবং দলের অন্দরের দ্বন্দ্বের নায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে, তা আদৌ সত্য নয়।
এই প্রসঙ্গের সূত্রপাত হয়েছিল কংগ্রেস সাংসদ শশী থারুর-এর একটি পোস্ট থেকে। এক্স (সাবেক টুইটার)-এ থারুর লেখেন, নাগপুরে তাঁর পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। সেখানে তিনি গম্ভীরের মানসিক দৃঢ়তার প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র পর দেশের সবচেয়ে কঠিন কাজটাই এখন গম্ভীরকে করতে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের কটাক্ষ সহ্য করেও নীরবে, একাগ্রতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন তিনি।”
থারুরের সেই পোস্ট শেয়ার করে গম্ভীর লেখেন, “ধন্যবাদ শশী। সব বিতর্কের পর একদিন কোচের তথাকথিত অসীম ক্ষমতা নিয়ে সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন যেভাবে আমাকে নিজেদের লোকেদের বিরুদ্ধেই লড়াইয়ে নামানো হচ্ছে—যাঁরা নিজের নিজের জায়গায় সেরা—সেটা আমি উপভোগ করছি।” এই বক্তব্যেই স্পষ্ট ইঙ্গিত, দলের অন্দরে মহারথীদের সঙ্গে তাঁর সংঘাত চলছে—এমন প্রচার বা ধারণা তাঁকে ব্যথিত করছে।
গম্ভীরের মতে, সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় যেভাবে ভারতীয় ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’-এর ছবি তুলে ধরা হচ্ছে, তা বাস্তবের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। বরং এই ধরনের বয়ান অযথা বিভ্রান্তি তৈরি করছে।
তবে বাস্তবতাও কঠিন। কোচ হিসেবে এই মুহূর্তে গম্ভীর অগ্নিপরীক্ষার মধ্যেই রয়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর কোচিংয়ে ভারতের রেকর্ড আশাব্যঞ্জক নয়, ওয়ানডেতেও সাফল্য সীমিত। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই দল কিছুটা ছন্দে রয়েছে, আর সামনে সেই ফরম্যাটের বিশ্বকাপ। তার আগেই নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে চাপের কথা যেন পরোক্ষভাবে স্বীকার করে নিলেন ভারতীয় দলের কোচ।



