ফর্মে ফেরাতে টিম বাসেই ক্লাস! অভিষেককে নিয়ে গম্ভীরের ‘গম্ভীর’ আলোচনা ঘিরে জল্পনা তুঙ্গে

খারাপ ফর্মে থাকা অভিষেক শর্মাকে টিম বাসেই পরামর্শ দিলেন কোচ গৌতম গম্ভীর। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জিম্বাবোয়ে ম্যাচের আগে বাড়ছে চাপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্যাটে রান নেই, চাপ বাড়ছে ম্যাচে ম্যাচে—আর ঠিক সেই সময়েই সামনে এল টিম বাসের একটি ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার খারাপ ফর্ম কাটাতে সরাসরি পরামর্শ দিতে দেখা গেল প্রধান কোচ গৌতম গম্ভীরকে। সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ-শিষ্যের সেই কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর তাতেই নতুন করে আলোচনায় ভারতের ড্রেসিংরুমের পরিবেশ।

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রান করেন অভিষেক। কিন্তু সেই ইনিংসেও আত্মবিশ্বাসের ছাপ ছিল না। অফ স্টাম্পের বাইরে বল সামলাতে বারবার সমস্যায় পড়ছেন বাঁহাতি এই ব্যাটার। বিশেষ করে গতি ও লেংথের পরিবর্তনে বিভ্রান্ত হচ্ছেন তিনি। মার্কো জানসেনের বলেই শেষ পর্যন্ত উইকেট হারান।

কোথায় সমস্যায় অভিষেক?

ভারতের দুই ওপেনারই বাঁহাতি হওয়ায় প্রতিপক্ষ দল শুরুতেই অফস্পিনার আক্রমণে আনছে। সেই কৌশলেই বারবার ফাঁদে পড়ছেন অভিষেক শর্মা এবং ঈশান কিষান। বল নির্বাচন ও শট খেলার সময় নিয়ে দ্বিধা স্পষ্ট হয়ে উঠছে তাঁর ব্যাটিংয়ে—যা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

টিম বাসে কী কথা হল?

আহমেদাবাদ থেকে চেন্নাই যাওয়ার পথে টিম বাসে সামনের সিটে বসে গম্ভীরকে বেশ গম্ভীর মুখে অভিষেকের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকেও আলোচনায় যোগ দিতে ডাকেন তিনি। যদিও আলোচনার নির্দিষ্ট বিষয় প্রকাশ হয়নি, তবে ক্রিকেট মহলের ধারণা—ব্যাটিং টেকনিক ও মানসিক প্রস্তুতি নিয়েই আলোচনা হয়েছে।

সমর্থকদের মতভেদ

এই ভিডিও প্রকাশ্যে আসার পর মতভেদ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যেই। একাংশ মনে করছেন, ব্যক্তিগত পরামর্শ ব্যক্তিগতভাবেই দেওয়া উচিত ছিল। অন্যদিকে অনেকেই বলছেন, কোচের সক্রিয় ভূমিকা দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

দলে জায়গা নিয়ে প্রশ্ন?

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অভিষেককে পরের ম্যাচে বসানো হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। যদিও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বাঁহাতি ব্যাটারের সমস্যার সমাধানে বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন বলে জানা গেছে। তবে কোচিং স্টাফের একাংশের মতে, হাতে আরও সময় থাকলে উন্নতির সুযোগ বেশি থাকত।

চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ এখন ভারতের জন্য ‘ডু অর ডাই’। আর সেই ম্যাচেই নজর থাকবে—গম্ভীরের পরামর্শে অভিষেক কি আবার ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন