ইমরানের অসুস্থতা নিয়ে উদ্বেগ, পাক সরকারকে সম্মান ও চিকিৎসার বার্তা সৌরভ-আজহারের

জেলে অসুস্থ ইমরান খানকে ঘিরে উদ্বেগ বাড়ছে। যথাযথ চিকিৎসা ও সম্মানজনক আচরণের দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জেলে অসুস্থ হয়ে পড়া পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য যথাযথ চিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণের দাবি তুলে পাকিস্তান সরকারকে বার্তা দিলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিন।

Imran Khan–এর অসুস্থতার খবর গত কয়েকদিন ধরেই চর্চায়। বিভিন্ন সূত্রে দাবি, জেলেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর। এমনকি পরিবারকে না জানিয়ে হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনার কথাও শোনা গিয়েছে। তাঁর দৃষ্টিশক্তির বড় অংশ নষ্ট হয়েছে বলেও খবর ছড়িয়েছে, যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, তাঁর জীবনের ঝুঁকি রয়েছে।

এই পরিস্থিতিতে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক পাকিস্তান সরকারকে যৌথ চিঠি লিখে ইমরানের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন। সেই উদ্যোগকে সমর্থন করে মুখ খুলেছেন Sourav Ganguly।

সৌরভ বলেন, “এটা খুবই ভালো উদ্যোগ। ইমরান খান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ে তাঁর বড় ভূমিকা ছিল। সেই কারণে আরও বেশি সম্মান ও সঠিক ব্যবহার প্রাপ্য তাঁর। আশা করি পাকিস্তান সরকার তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবে।”

অন্যদিকে Mohammad Azharuddin সমাজমাধ্যমে লেখেন, “ইমরান ভাইয়ের কথা শুনে গভীরভাবে মর্মাহত। ক্রিকেট আমাদের বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হোক—এই আবেদন জানাই। তাঁর সুস্বাস্থ্য ও পরিবারের শক্তি কামনা করছি।”

উল্লেখ্য, ইমরানের চিকিৎসার দাবিতে যে যৌথ চিঠি দেওয়া হয়েছে, তাতে সই করেছেন একাধিক কিংবদন্তি ক্রিকেটার—সুনীল গাভাসকর, কপিল দেব, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, মাইকেল আথারটন, ডেভিড গাওয়ার, নাসের হুসেন-সহ আরও অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisement

সদ্য প্রকাশিত