মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না গান্ধী পরিবারের একজন সদস্যও! যদিও বিগত ৪ জুলাই ১০ জনপথে গিয়ে গান্ধী পরিবারকে নিমন্ত্রণ করেছিলেন রিলায়েন্স কর্তা। কংগ্রেস সূত্রে খবর, সনিয়া গান্ধী নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা পাঠালেও সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হবেন না রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কেউই।
অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে কেন্দ্র করে যেন সেজে উঠেছে গোটা মুম্বই শহর। ছোট ছেলের বিয়েতে কোনও রকম খামতি রাখতে চান না মুকেশ আম্বানি নিজেও। খরচ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। দেশের নানা প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও একাধিক অতিথি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আরব-পাড়ে। বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।



বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকারের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীর। নিমন্ত্রণ রক্ষায় গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। এছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে আমন্ত্রিত। রাজনীতির পাশাপাশি খেলা এবং বিনোদন জগতের কম বেশি সমস্ত তারকাই মুকেশ আম্বানির আমন্ত্রণ কার্যত ফেলতে পারেননি। উপস্থিত থাকবেন, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, জন সিনা, কিম কার্ডিশিয়ান সহ অনেকে।
বাড়ি গিয়ে নিমন্ত্রণ করেছিলেন মুকেশ, ‘মোদি-ঘনিষ্ঠ’ শিল্পপতির ছেলের বিয়েতে গরহাজির রাহুল



অথচ এরকম জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারণ হিসেবে মনে করা হচ্ছে, বিগত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সমানতালে দেশের দুই শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ অম্বানির বিরোধিতা করে আসছেন দেশের বর্তমান বিরোধী দলনেতা। যে কারণে ‘মোদি-ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত মুকেশের ছেলের বিয়েতে গেলেন না তিনি। এদিকে আবার, শনিবারই মহারাষ্ট্রে একটি কর্মসূচিতে অংশ নেবেন রাহুল!







