ভারতীয় দলের নতুন কোচ হবার পর আজ সকাল দশটায় মুম্বাইয়ের ভারতীয় বোর্ডের অফিসে সাংবাদিক সম্মেলন করেন গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার। আগামী শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগ। রাহুল দ্রাবিড় কোচের পদ থেকে অবসর নেওয়ার পর ভারতীয় বোর্ড চেয়েছিল গৌতম গম্ভীর কে ভারতীয় দলের কোচ করতে। সেই সময় গম্ভীর রাজি থাকলেও বোর্ডকে তিনি পাঁচটি শর্ত দিয়েছিলেন। সেই শর্ত মানার পরেই দলের কোচ হয়েছেন গম্ভীর।

আর আজ সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মধ্যে অন্যতম প্রধান প্রশ্ন গম্ভীর কে করা হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা কে নিয়ে। সাংবাদিকদের প্রশ্ন ছিল বিরাট-রোহিত কী আগামী ODI বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্নের জবাব দিলেন গম্ভীর। তিনি জানিয়ে দিলেন ‘খেলতেই পারেন’। “বড় মঞ্চে রোহিত এবং বিরাট কি করতে পারেন তা তাঁরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন। আমি মনে করি এদের মধ্যে এখনো অনেক ক্রিকেট বেঁচে আছে। চ্যাম্পিয়ন ট্রফিটা হোক। তারপর তাঁরা যদি তাঁদের ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে ২৭ এর বিশ্বকাপ না খেলার মত কিছু হয়নি”।

গম্ভীর বিরাট এবং রোহিতকে নিয়ে আরো বলেন, “তাঁরা এখনো বিশ্বমানের ক্রিকেটার। বিশ্বের যে কোন দল তাদের দুজনকেই দলে রাখতে চাইবে”। এরপরেই সাংবাদিকদের পক্ষ থেকে গৌতম গম্ভীর এর দিকে প্রশ্ন ছুটে আসে বিরাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। কারণ আইপিএলে আমরা দেখেছি মাঠের মধ্যে তাদের ঝামেলার বিভিন্ন ভিডিও ফুটেজ। এই প্রশ্নের উত্তরও সোজা ব্যাটে খেলেন ভারতের নয়া কোচ।
বিরাট-রোহিত কী আগামী ODI বিশ্বকাপ খেলবেন? স্পষ্ট করে দিলেন নয়া কোচ গম্ভীর

তিনি জানান, “বিরাট আর আমার সম্পর্ক প্রকাশ্যে আনার মত কোন বিষয় নয়। আমাদের দুজনের সম্পর্ক এমনিতেই খুব ভালো। আমি তার সাথে অনেক কথা বলার সুযোগ পেয়েছি। তাই আমরা কি আলোচনা করি তা গুরুত্বপূর্ণ নয় “। এখানেই না থেমে গৌতম আরো জানান, “ভারতকে গর্বিত করবার জন্য আমাদের উভয়কেই কঠোর পরিশ্রম করতে হবে। বিরাট একজন দুর্দান্ত পেশাদার ও বিশ্বমানের ক্রিকেটার। এই মুহূর্তে আমরা দুজনেই ভারতের প্রতিনিধিত্ব করছি। মাঠের ভেতরে সবাই নিজের দলের হয়েই খেলবেন”। কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে সব দিক ব্যালেন্স করেই প্রশ্নের উত্তর দিয়েছেন গম্ভীর। কিন্তু বাস্তবে আগামী দিনে কি হবে তা বোঝা যাবে সিরিজ শুরু হওয়ার পরেই। ওপর দিকে বিরাট-রোহিত কী আগামী ODI বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্নের উত্তর তো দিয়ে দিলেন কোচ, কিন্তু বাস্তবে কি হবে তা বলতে পারবে এক মাত্র সময়।



