নাগালের বাইরে জ্বালানির দাম, প্রতিবাদে ইলেকট্রিক স্কুটি চেপে নবান্নে মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ মমতার, ইলেকট্রিক বাইকে গেলেন নবান্নে। সেখানে চালক ফিরহাদ হাকিম এবং  সেই স্কুটিতে সওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিনব প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ হাজরা মোড় থেকে মন্ত্রী ফিরহাদের ইলেকট্রিক স্কুটিতে বসে রওনা দেন। তাঁর গলায় ঝোলানো রয়েছে ব্যানার। তাঁর সঙ্গে অন্য বেশ কয়েকটি বাইকে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও।প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এর আগেও একাধিক বার বাইকের পিছনে সওয়ার হতে দেখা গিয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় গ্রামে পুলিশ ঢোকা আটকাতে রাস্তা কেটে, রাস্তায় গাছ ফেলে গোটা এলাকা কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকাবাসী।

সেই সময় বাইকে করে নন্দীগ্রামে পৌঁছেছিলেন মমতা। এ ছাড়াও মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে গিয়ে ছত্রধর মাহাতোর বাইকের পিছনে চড়েছেন। কিন্তু সেগুলি ছিল তাৎক্ষণিক সিদ্ধান্ত। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আগে থেকে পরিকল্পনা করেই নির্ধারণ করেছিলেন যে তিনি নবান্নে যাবেন স্কুটিতে চেপেই। এক প্রতিবাদের পদ্ধতি দেখে ওয়াকিবহাল মহল মনে করছেন  রাজনীতির ময়দানে নেমে মমতাকে ‘পথের লড়াই’য়ে টেক্কা দেওয়া অত্যন্ত কঠিন।

রাজপথ থেকে জনতার আওয়াজকে দেশের শাসকদের কানে পৌঁছে দিতে তাঁর  জুড়ি মেলা ভার। ফলে স্বাভাবিকভাবেই, মুখমন্ত্রী যদি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামেন তাহলে মোদি সরকারের উপর চাপ আরও বাড়বে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার এই পদক্ষেপ রীতিমতো চাপে ফেলে দিয়েছে গেরুয়া শিবিরকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত