বিনামূল্যে সরকারি বাসে সফর করতে মহিলাদের মানতে হব এই শর্ত! জারি নতুন নির্দেশিকা

পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত চালু হচ্ছে ১ জুন থেকে। তবে সুবিধা পেতে লাগবে বিশেষ স্মার্ট কার্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিনামূল্যে সরকারি বাসে সফর এবার বাস্তবে রূপ নিতে চলেছে পশ্চিমবঙ্গে। নারী ক্ষমতায়ন এবং যাতায়াতের খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে এই পরিষেবার সুবিধা পেতে মহিলাদের কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে বলেই স্পষ্ট করে দিয়েছে পরিবহন দফতর।

রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী মহিলা বাসিন্দাই সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এই সুবিধা মিলবে রাজ্যের পরিবহন নিগমগুলির অধীনস্থ বাসে।

পরিবহন দফতর জানিয়েছে, শুধু শহরের ছোট রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই পরিষেবা কার্যকর হবে। অর্থাৎ WBTC, NBSTC এবং SBSTC-র সমস্ত ক্যাটাগরির বাসেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা।

তবে এই সুবিধা পেতে প্রত্যেক মহিলা যাত্রীর জন্য একটি করে ডিজিটাল স্মার্ট কার্ড তৈরি করা হবে। ছবি ও কিউআর কোড-সহ এই কার্ডের মাধ্যমেই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে সরকার।

স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে। আবেদন করার সময় একাধিক পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি জমা দেওয়া যাবে।

সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল আইডি— এই নথিগুলির মধ্যে কোনও একটি থাকলেই আবেদন করা যাবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

যেহেতু আগামী ১ জুন থেকেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে, তাই স্মার্ট কার্ড তৈরি হতে কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে অন্তর্বর্তীকালীন বিশেষ ব্যবস্থাও রেখেছে নবান্ন।

সরকার জানিয়েছে, স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত মহিলারা তাঁদের সরকারি ফটো আইডি বাস কন্ডাক্টরকে দেখিয়ে যাচাই করাতে পারবেন। যাচাইয়ের পর কন্ডাক্টর যাত্রীকে একটি ‘জিরো ভ্যালু টিকিট’ দেবেন, যার জন্য কোনও ভাড়া দিতে হবে না।

পরিবহন দফতরের মতে, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন মহিলাদের আর্থিক সাশ্রয় হবে, তেমনই গণপরিবহণ ব্যবহারের প্রবণতাও বাড়বে। নতুন পরিষেবা ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর