নজরবন্দি ব্যুরোঃ টিকা পাবে ২ থেকে ১৮ বছর বয়সিরাও। এবার তারই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। মঙ্গলবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশনের বিশেষজ্ঞদের একটি প্যানেল এই ট্রায়ালের ছাড়পত্র দেয়। দেশ জুড়ে চলছে টিকাকরণের তৃতীয় পর্ব।
আরও পড়ুনঃ নদীতে ভাসছে ‘লাশ’! বিহার উত্তরপ্রদেশের পর একই ছবি মধ্যপ্রদেশে
এই পর্বে টিকা দেওয়া ১৮ থেকে ৪৫ বছরের মধ্যের প্রত্যেককে। এবার ১৮ বছরের কম বয়সিদের টিকাকরণের দিকে ধাপে ধাপে এগোচ্ছে সরকার। কিন্তু কবে থেকে এবং কি ভাবে ছোটোদের ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হবে তা সম্পুর্ন ভাবে নির্ভর করছে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের উপর। জানা গিয়েছে, এই ট্রায়ালে অনুমতি চেয়ে করোনা ভাইরাসের জন্য তৈরি সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে আরজি জানিয়েছিল ভারত বায়োটেক।
এদিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থাকে। উল্লেখ্য, দেশে করোনা বাড়বাড়ন্ত ঘুম উড়িয়েছে বিশেষজ্ঞদের। ভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ মিলছে বহু বাচ্চাদের শরীরে। বিশেষজ্ঞদের মতে, কোভিডের এর প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিল প্রাপ্তবয়স্করাও। কিন্তু দ্বিতীয় ঢেউটি অর্থাৎ নয়া স্ট্রেন অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী।
তৃতীয় ঢেউ বাচ্চাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই দেশে করোনা তৃতীয় ধাক্কা আসতে চলেছে বলে আশংকা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আর সেই কারণেই আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ট্রায়ালে সফল হলেই দ্রুততার সাথে ২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাদান শুরু করা হবে। জানা গিয়েছে, এই ট্রায়াল চলবে দিল্লি ও পাটনার এইমসে এবং নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে।



