নজরবন্দি ব্যুরো: ভোটের আগেই সরগরম বাংলা! মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক প্রান্ত থেকে প্রকাশ্যে এসেছে হিংসার ঘটনা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পর পর গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। এছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন।
আরও পড়ুন: প্রচারে নামলেন মমতা কিন্তু কৃতিত্ব সুকান্তর! ব্যাপারটা কী?


মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের গীতালদহ গ্রামপঞ্চায়েতের জারিধরলা গ্রাম। সূত্রের খবর, সাত সকালে এলাকায় গুলি চালনার অভিযোগ ওঠে। এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। আর এই ঘটনায় ওই তৃণমূল কর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও এই জখম হয়েছেন আরও ৫ জন।

পুলিশ সূত্রে খবর, তৃণমূল কর্মীর নাম বাবু হক। এই ঘটনার পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই সীমান্তবর্তী গ্রামে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরেই এই গুলি চলেছে। তাছাড়াও পুলিশের আরও অনুমান, বাংলাদেশের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই ঘটনা ঘটানো হতে পারে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।



যদিওবা এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। এপ্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “আপনারা বলেন প্রশাসন কিছু করতে পারছে না। এই যদি উল্টোদিকে হতো, তাহলে শুনতাম তৃণমূল আক্রমণ করছে, গুন্ডামি করছে, বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে। একবারও কেউ এটা দেখছে না যে, বিজেপির গুন্ডারা দলগতভাবে তৃণমূল কর্মীর বাড়িতে আক্রমণ করে তাঁকে হত্যা করল। তাঁর বাড়ির আরও ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।”
ফের উত্তপ্ত দিনহাটা, গুলি চালানোর ঘটনায় আহত একাধিক








