নজরবন্দি ব্যুরোঃ আগামী শীতে বড় পর্দায় ফেলুদা। সম্পূর্ণ কাল্পনিক হলেও কবে যে কিংবদন্তির চৌকাঠ পেরিয়ে গিয়েছেন এই বাঙালি গোয়েন্দা তার ইয়ত্তা নেই। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ফেলুদার ফেরার কথা প্রকাশ্যে আসতেই খুশির আমেজ রহস্যপ্রেমীদের। তাই “হত্যাপুরীর” মধ্য দিয়েই যে আসন পূর্ণ হতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহের সে কথা বলাই চলে। কিন্তু কে হবেন ফেলুদা?
আজ সকালে নিজের নেট মাধ্যমে ‘হত্যাপুরী’র পোস্টার আপলোড করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি মুক্তির তারিখ উল্লেখ করে তিনি লেখেন, ফ্যাসিনেটিং। যার অর্থ আকর্ষণীয়। যা দেখে একটা প্রশ্নেই কমেন্ট বক্স ভরাচ্ছেন সকলে। ‘তা হলে কি আপনিই ফেলুদা হচ্ছেন?’ যদিও কোনও উত্তর দেননি সকলের প্রিয় এই অভিনেতা।
গত বছরের শেষের দিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দীপ রায় বলেছিলেন, ফেলুদার চরিত্রে কাকে আনা হবে তা এখনই বলতে চাননা তিনি। বরং দর্শকরাই ভাবুক কাকে আনা যেতে পারে। তা থেকেই দুইয়ে-দুইয়ে চার করছেন অনেকে। সমস্ত কিছু জানার জন্য আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।
আগামী শীতে বড় পর্দায় ফেলুদা, কে হবেন ফেলুদা?

এখানেই শেষ নয়। আজ আরও সাতটি ছবির মুক্তির দিনক্ষণ ঘোষিত হয় এসভিএফের তরফে। যারমধ্যে রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীলের ছবি। ব্যোমকেশ থেকে শুরু করে বল্লভপুরের রূপকথার মতো আকর্ষণীয় সিনেমা রয়েছে এই তালিকায়।



