নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে নিয়ে ফের উত্তাল বঙ্গ রাজনীতি। হঠাৎ করেই দিল্লি গিয়েছে এই তৃণমূল নেতা। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই এক সময়ের ঘনিষ্ঠ দলীয় সতীর্থকে নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুনঃ হাতে আংটি নেই, ঘামাচি আছে, পার্থকে খোঁচা দিয়ে মন্তব্য কুন্তলের


মুকুল প্রসঙ্গে মুখ খুলে বিস্ফোরক দাবি করেছেন মদন। তিনি বলেন, “অক্ষয় কুমারের একটি সিনেমাতে দেখিয়েছিল যে শরীরে চিপ ঢুকিয়ে দিলে লোকেশন ট্র্যাক হয়ে যাবে এবং সব গোপন তথ্য বেরিয়ে আসবে। বিজেপি ওঁদের ডিজিটাল টিম দিয়ে এই কাজ করিয়েছে।

কারণ এমন না করলে মমতা-অভিষেককে কিছুই করা যাবে না।” অপর দিকে এই ঘটনা নিয়ে মদন ঘুরিয়ে দলকে নিশানা করেছেন, তিনি বলেন, ‘‘যে কেউ আসছে, যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। কেউ এসে ফিশ চপ অর্ডার দিচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। কেউ এল কাটলেট খেল, ফিশফ্রাই অর্ডার দিয়ে খেয়ে চলে গেল, ইচ্ছেমতো।’’



শুধু তাই নয়, তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের লড়াকু সৈনিক মদনের এরপরই আশঙ্কাভরা শব্দে সংযোজন, ‘‘এবার তো সবাই মুকুলের পথে হাঁটবে।’’ আসলে মদনের তীব্র কটাক্ষের নেপথ্যে দিল্লিতে বসে বুধবার সংবাদমাধ্যমে করা মুকুল রায়ের মন্তব্য, ‘‘কয়েক ঘণ্টার জন্য আমি তৃণমূলে গিয়েছিলাম।’’
মুকুল প্রসঙ্গে বিস্ফোরক মদন, নিশানা করলেন দলকেও

বস্তুত এরপরই গত একবছরে মুকুলের কার্যকলাপ নিয়ে কটাক্ষ করে দলের উদ্দেশেই ঘুরিয়ে মদনের প্রশ্ন, ‘‘গত বছর ২১ জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে?’’







