নজরবন্দি ব্যুরো: “বিজেপির প্রতি আমার কোনও টান নেই, কাজ করতেই দলে যোগ দিয়েছি।” বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন বিধায়িকা মিতালি রায়। আর প্রাক্তন বিধায়িকার এহেন মন্তব্যে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ফের অসুস্থ Sonia Gandhi, ভর্তি হাসপাতালে


প্রসঙ্গত, উপনির্বাচনের আগেই জোর ধাক্কা তৃণমূলের! রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন ধূপগুড়ি প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়। আর এই দলবদলের ঘটনায় রীতিমত রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করছে। যদিওবা জানা গিয়েছে, গতকাল শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল তাঁকে। তাহলে হঠাৎ এই দলবদলের কি কারণ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে!

জানা যাচ্ছে, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগেই রবিবার সকালে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাতে থেকে দলীয় পতাকা তুলে নেন প্রাক্তন বিধায়িকা। মিতালির অভিযোগ, ২০২১ সালে ভোটে হারার পর থেকে তৃণমূল তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেনি। তাই এবার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান।



এপ্রসঙ্গে সদ্য দলবদলু নেত্রী অভিযোগ করে জানিয়েছেন যে, ভোটে পরাজয়ের পড়ে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছিল। উপনির্বাচনেও টিকিট দেওয়া হয়নি তাঁকে। এরপরেই তিনি দলত্যাগের সিদ্ধান্ত নেন। তবে বিজেপি বা অন্যকোনও দলের প্রতি তাঁর কোনও টান নেই। তিনি কাজ করতে চান। সেই কারণেই তাঁর এই যোগদান। এরপরে কিছুটা ক্ষোভ উগড়ে তিনি বলেন, “না সংগঠন, না প্রশাসন, আমাকে কোনও কাজেই লাগানো হয়নি। দল সবই জানে। তাছাড়াও দিদি এখন ব্যস্ত। আমাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই ওনার। দিদি যখন সারা পশ্চিমবঙ্গের খবর রাখেন, তখন আমার খবরটাও নিশ্চয়ই তিনি রেখেছেন। আমি কাজ করতে চাই বলে বিজেপিতে এসেছি। এখানে ইমোশনের কোনও জায়গা নেই।”
বিজেপির প্রতি আমার কোনও টান নেই, বিস্ফোরক মিতালি








