নজরবন্দি ব্যুরো: বাঙালির হাতের নাগালের পর্যটনস্থল বলতেই মাথায় আসে দীপুদা অর্থাৎ দিঘা, পুরী দার্জিলিঙ। সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাইলেই ভ্রমণপ্রিয় মানুষেরা বেড়িয়ে পড়েন দীঘার উদ্দেশ্যে। অনেকেরই হয়তো অনেকবারই দীঘা ঘুরে আসা হয়ে গিয়েছে। কিন্তু সৈকতনগরীর এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কি?
আরও পড়ুন: ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান, জেনে নিন এই তিনটি গন্তব্যের ঠিকানা
দীঘা গেট
দীঘা গেট হল বঙ্গোপসাগর সংলগ্ন জাতীয় সড়ক ১১৬-বি’তে নির্মিত এই সৈকতনগরীতে প্রবেশের দরজা। বিগত কিছু সময়ের মধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে সড়কপথে দীঘা এসেছেন তাদের চোখে অবশ্যই পড়েছে। কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি দীঘা গেটের আকৃতি নৌকার মত। এই বিশাল কাঠামোটি তৈরি হয়েছে স্থানীয় মৎস্যজীবীদের শ্রদ্ধা জানাতে। রাতের দীঘায় এই প্রবেশদ্বার আলোয় ঝলমল করে ওঠে।

অমরাবতী
দীঘা যুব আবাসনের পাশেই অবস্থিত অমরাবতী পার্কটি সৌন্দর্য চোখ ধাঁধিয়ে যাওয়ার মতই। সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে পার্কটি। এখানে প্রবেশমূল্য মাত্র ১০ টাকা মাথাপিছু। পার্কে দেখতে পাবেন প্রচুর ফুলের গাছ। এছাড়াও একদম মাঝখানে রয়েছে একটি হ্রদ যা অমরাবতীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের জন্য এখানে রয়েছে রোপওয়ে।

দীঘা অ্যাকোরিয়াম
অমরাবতী থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত দীঘা অ্যাকোরিয়াম। এখানে সামুদ্রিক মাছ সংরক্ষণ করা হয়। দীঘায় এলে এখানে একবার ঘুরে যেতেই পারেন। পর্যটকরা বিনামূল্যে অ্যাকোরিয়ামে ঢুকতে পারবেন কারণ এখানে কোনও প্রবেশমূল্য নেই। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দীঘা অ্যাকোরিয়াম খোলা থাকে।
দীঘায় অনেক ঘুরেছেন! দেখেছেন কি এই জায়গাগুলি?




