নজরবন্দি ব্যুরো: দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রাম থেকেই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ পুলওয়ামায় যৌথ বাহিনীর গুলিতে খতম ৩ লস্কর জঙ্গি।
মমতার করা সেই অভিযোগই এবার সরকারিভাবে নির্বাচন কমিশনকে আজ জানিয়ে এল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি যশবন্ত সিনহা, দোলা সেন, সুব্রত মুখার্জি, ডেরেক ও’ব্রায়েন, নয়না বন্দ্যোপাধ্যায় সহ ৭ সদস্যের প্রতিনিধিদল আজ নির্বাচন কমিশনে গিয়ে উপযুক্ত তথ্যপ্রমাণ সহ অভিযোগ জানিয়েছেন। একি সাথে তাঁরা অভিযোগ করেছেন যে ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়। এরই পাশাপাশি তৃণমূলের দাবি, যে সকল জওয়ানরা অভিযুক্ত সেই সকল জওয়ানদের আগামী দফার ভোট থেকে মোতায়েন করা যাবে না। রাজ্যের শাসকদলের তরফে দ্বিতীয় দফার ভোট নিয়ে মোট ৩০০টিরও বেশি অভিযোগ কমিশনে জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার নন্দীগ্রামের বয়ালের ঘটনারও।
যেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পরিস্থিতি দেখে এসেছিলেন গত কাল। আর সাংবাদিক সম্মেলন করে তিনি যে যে অভিযোগ করেছিলেন গত কাল সেই অভিযোগ গুলিই আজ লিখিত আকারে নির্বাচন কমিশনে গিয়ে দিয়ে এলেন তৃণমূল নেতৃত্ব।



