নজরবন্দি ব্যুরোঃ সোমবার পুরভোট মামলায় হলফনামা জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মহামারীর হাত থেকে রক্ষা পেতেই রাজ্য চায় ৬ থেকে ৮ দফার ভোট। মে মাসের মধ্যে রাজ্যের সমস্ত পুর এলাকার ভোট চায় রাজ্য সরকার। আগামীকাল মামলার পরবর্তী শুনানি।


কলকাতা হাইকোর্টকে দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছে রয়েছে ১৫,৬৮৭ টি ইভিএম। কলকাতা ভোটে ব্যবহার করতে হবে ৭,২১০ টি ইভিএম। সেক্ষেত্রে দফাভিত্তিক গণনা না হলে ইভিএমের সমস্যা রয়েছে।
উল্লেখ্য, রাজ্যের সমস্ত পুর এলাকার নির্বাচন একসঙ্গে কেন নয়? এই প্রশ্নের জবাব পেতেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু তার মধ্যে কলকাতা পুরসভার দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু আইনি জটিলতা এখনও কাটেনি। সেই সঙ্গে জড়িয়ে যায় পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গ।
কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরভোটের নির্বাচনে ৩২ হাজার পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা পুলিশ থাকবে ২৭ হাজার এবং রাজ্য পুলিশ থাকবে ৫ হাজার। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাইছে না কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে প্রতিটি বুথে উপস্থিত থাকবে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, ২ জন সশস্ত্র পুলিশ বাহিনী। দুই জন করে লাঠি ধারী পুলিশ মোতায়েন থাকবেন। কমিশনের তরফে অনুমতি মিললেই কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হতে চলেছে ভোট।


রাজ্য চায় ৬ থেকে ৮ দফার ভোট, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হতে পারে কলকাতার পুরভোট

রাজ্য পুলিশের তরফে রিপোর্ট পাওয়ার পরেই কলকাতা পুলিশ এবং দক্ষিণ ২৪ পরগণার পি উলাগানাথানের সঙ্গে বৈঠক সারবেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানেই নেওয়া হবে চুড়ান্ত সিদ্ধান্ত।







