বাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। রবিবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছবে। আগামী দু’দিন রাজ্যের প্রশাসন, জেলা আধিকারিক এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সূত্রের খবর, আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার আগে মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতে পারেন। যদিও এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, কমিশনারের এমন কোনও সরকারি কর্মসূচির কথা এখনও তাঁদের জানা নেই। তবে তিনি ব্যক্তিগতভাবে কোনও ধর্মীয় স্থানে যেতে চাইলে তাতে বাধা নেই বলেই জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেই কমিশনের ফুল বেঞ্চ আগামী দু’দিনের কর্মসূচি শুরু করবে। সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমাররা।
এই সফরে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জেলা শাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি), নির্বাচন সংক্রান্ত আধিকারিক এবং বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের শেষে সাংবাদিক বৈঠক করারও সম্ভাবনা রয়েছে।
এই বৈঠকগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR)। ২০২৫ সালের ২৭ অক্টোবর এই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
তবে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ পড়েছে। এরপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ফর্ম ৭ জমা পড়ার পরে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তবে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদন বিচারাধীন রয়েছে।
মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে এই বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনের সম্ভাব্য নির্ঘণ্ট নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কী ঘোষণা করেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে রাজ্যে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। রবিবারই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহিলাদের এই মিছিলে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রতিবাদ জানাতে কালো পোশাক পরে রাস্তায় নামার ডাক দিয়েছেন।
সব মিলিয়ে নির্বাচন কমিশনের সফর, ভোটার তালিকা বিতর্ক এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।






