নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের ভোটপর্ব শেষ। গণনাও প্রায় শেষের দিকে। এরইমধ্যে বাংলার এক দুর্নীতি তদন্তের ফের তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হল রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর আগে একাধিকবার তলব করা হলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। পঞ্চায়েতের ব্যস্ততাকেও কারণ হিসেবে দেখিয়েছিলেন। তবে ভোট শেষ! এবার কি হাজিরা দেবেন মলয় ঘটক?
আরও পড়ুন: লোকসভার আগেই অধীর-গড়ে ব্যাপক সাফল্য তৃণমূলের, কপালে চিন্তার ভাঁজ প্রদেশ কংগ্রেস সভাপতির?
কয়লা পাচার মামলায় এর আগেও মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এগারোবার তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। গত মাসের ৫ তারিখ তাঁকে নোটিস পাঠায় তদন্তকারী আধিকারিকরা। পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দিতে যাননি। রাজ্যের মন্ত্রীর আইনজীবী দিল্লিতে চিঠি দিয়ে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে আপাতত যেতে পারছেন না। ভোটের পর যাবেন বলেই জানিয়েছেন মলয় ঘটক।

যদিও তাঁর হাজিরা না দেওয়ার কারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ইডি। মলয় ঘটকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে বলেও শোনা গিয়েছিল। তবে রাজ্যের মন্ত্রী জানিয়েছিলেন, পঞ্চায়েতের প্রচারের কাজে এই মুহূর্তে তিনি জেলা সফরে ব্যস্ত। আগামী সময়ে ইডিকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। এরপর থেকেই প্রশ্ন উঠছিল এবার ইডি কোন পদক্ষেপ নেয়!

ইডি সূত্রের খবর, মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা নিয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল। সেইগুলির মধ্যে একটি হল, মলকে তলব করার অন্তত ১৫ দিন আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তাই চলতি মাসের শুরুতেই হাইকোর্টের নির্দেশ মেনেই হাতে ১৫ দিন সময় রেখেই মলয়কে দিল্লিতে ইডির দফতরে ডাকা হয়েছিল।
পঞ্চায়েত ভোট মিটতেই তৎপর ED, রাজ্যের মন্ত্রীকে তলব করা হল দিল্লিতে




