নজরবন্দি ব্যুরোঃ পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে তৈরি ইডি। ইসিআইআর নথিভুক্ত করতে সিবিআইয়ের কাছে পুর দুর্নীতি নিয়ে এফআইআর চাইল ইডি।
আরও পড়ুনঃ Md Salim: মোমের পুতুল গলে যাবে, অভিষেকের সংযোগযাত্রাকে কটাক্ষ সেলিমের


সূত্রের খবর, ইডির দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ওপর ভিত্তি করেই সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুরসভা নিয়োগের একাধিক তথ্য পেয়েছে ইডি। সেখানে দুর্নীতির অঙ্ক কয়েকশো কোটি বলেই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

হাইকোর্টের নির্দেশের পরেই পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০০ কোটির হদিশ পেল ইডি। ধৃত অয়ন শীল শুধুমাত্র পুরসভা নিয়োগ দুর্নীতির মাধ্যমে ২০০ কোটি টাকা তুলেছিলেন বলে ইডি সূত্রে খবর। এ কথা অয়ন জেরায় স্বীকার করেছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্যের প্রায় সবকটি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা ইডির।


সিবিআইয়ের কাছে পুর দুর্নীতি নিয়ে এফআইআর চাইল ইডি, সুপ্রিম কোর্টে মামলা গড়ালেও বাড়তি তৎপরতা

পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির কলকাতা জোনাল অফিসের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্র ওই রিপোর্ট আদালতে জমা দেন। আপাতত কাঁচড়াপাড়া, নিউ ব্য়ারাকপুর, কামারহাটি, বরানগর, টিটাগড়, হালিশহর পুরসভা রয়েছে ইডির স্ক্যানারে। এছাড়া আরও ৩০ টি পুরসভার তথ্য নিয়েও নাড়াচাড়া করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উঠে এসেছিল একাধিক পুরসভার নাম। এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আপাতত সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।







