আনম্যাপডের বাইরেও প্রায় ১ কোটি ভোটারকে শুনানিতে ডাকতে নির্দেশ, ডিইও-দের কড়া নোট কমিশনের!

ভোটের আগে কড়াকড়ি কমিশনের। পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ শুনানিতে ডাকার নির্দেশ, দৈনিক রিপোর্ট চাই ডিইও-দের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। আনম্যাপড ভোটারদের পাশাপাশি প্রায় ১ কোটি ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না—স্পষ্ট বার্তা দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে কড়া নির্দেশ পাঠাল কমিশন। গোটা প্রক্রিয়াকে আনা হচ্ছে দৈনিক নজরদারির আওতায়।

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় যাঁদের নামের সঙ্গে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে, তাঁদের উদ্দেশে পাঠানো সমস্ত নোটিস অবিলম্বে ডাউনলোড করে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হাতে পৌঁছে দিতে হবে। এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO)। সূত্রের খবর, নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলছে। শুরুতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকায় প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম উঠে আসে। তবে পরবর্তী যাচাইয়ের পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে আনুমানিক ৯৮ লক্ষে। তবুও এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রে।

সূত্রের খবর, সোমবার কমিশনের নির্দেশ পাওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর প্রতিটি জেলার ডিইও-দের নোট পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, মঙ্গলবার থেকেই প্রতিদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নোটিস সার্ভ করা হল, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ, প্রতিদিনের কাজের অগ্রগতি সরাসরি নজরে রাখবে সিইও দফতর।

কী এই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় এমন বহু ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে—কোথাও ভোটারের নাম মিলছে না, কোথাও বাবার সঙ্গে বয়সের পার্থক্য ১৫ বছরের কম বা আবার ৫০ বছরের বেশি। কোনও ক্ষেত্রে ঠাকুরদার বয়সের সঙ্গে অস্বাভাবিক পার্থক্য, আবার কোথাও লিঙ্গের সঙ্গে তথ্যের অমিল। এই ধরনের অসঙ্গতির ক্ষেত্রেই সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হবে।

এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে—এমন জল্পনার মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালl-কে দিল্লিতে ডেকে পাঠায় Election Commission of India। সোমবার কমিশনের সঙ্গে রাজ্যের আধিকারিকদের বৈঠকের পরেই প্রায় ১ কোটি ভোটারকে শুনানিতে ডাকার নির্দেশিকা জারি হয় বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

এই তালিকা প্রকাশ ও প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, একই দিনে কীভাবে খসড়া ভোটার তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা একসঙ্গে প্রকাশ করা হল, তা নিয়েই আপত্তি রয়েছে। পাশাপাশি তিনি ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও জানান।

তবে তালিকা প্রকাশ না করে উল্টে সেই তালিকায় থাকা প্রায় ১ কোটি ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে বিতর্ক দানা বাঁধছে। ভোটের মুখে এই প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর