লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল। জারি করা হয়েছে নির্দেশিকা। মাত্র তিন মাস আগেই এই দায়িত্ব পেয়েছিলেন তিনি। গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অর্থাৎ এক রাজীব কুমারের সিদ্ধান্তেই দায়িত্ব থেকে সরলেন আর এক রাজীব কুমার (Rajiv Kumar)। এরপর কাকে ডিজি-র দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরই গ্রেফতার প্রোমোটার, কেন ভেঙে পড়ল বেআইনি বহুতল?
জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ইতিমধ্যেই জানিয়েছেন, লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) হিংসা রুখতে সবরকম পদক্ষেপ করা হবে। ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হল রাজীব কুমারকে। গত ডিসেম্বর মাসেই নতুন ডিজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশিকা মারফত জানিয়ে দিয়েছে, আজকেই ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরতে হবে। পাশাপাশি এই দায়িত্ব নতুন মুখ হিসেবে বিকেল পাঁচটার মধ্যে তিনজনের নাম পাঠানোর কথাও বলা হয়েছে।

সূত্রে খবর, নোটিস আসার পরই রাজ্যের তরফে তিনজনের নাম পাঠানো হয়েছে। নতুন ডিজি হওয়ার দৌড়ে রয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার, রাজের কুমার। এঁদের মধ্যে এগিয়ে রয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজীব কুমার নির্বাচন সংক্রান্ত কোনও কাজেই যুক্ত থাকতে পারবেন না। যিনি নতুন দায়িত্বে আসবেন ভোটের কাজে তাঁকেই থাকতে হবে।
ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ কমিশনের, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরান হল রাজীব কুমারকে

রাজীব কুমারকে নিয়ে বরাবরই বিতর্ক দানা বেঁধেছে। কলকাতা পুলিশের নগরপাল ছিলেন তিনি। সারদা কেলেঙ্কারি মামলার তদন্তে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। রাজীব কুমারকে ডিজি করা হলে সরব হয়েছিলেন বিরোধীরা। এমনকি তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে খবর। সোমবার নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা।



