আক্রমণে নতুন ধার, ড্যানিশ স্ট্রাইকার আন্তন সয়বার্গকে দলে টানল ইস্টবেঙ্গল

আইএসএলে জয়ের পরই আক্রমণভাগে নতুন সংযোজন। ডেনমার্কের ২৫ বছর বয়সি স্ট্রাইকার আন্তন সয়বার্গকে দলে টানল ইস্টবেঙ্গল, বাড়ল গোলের আশা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চলতি আইএসএল মরশুমে জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল, আর সেই জয়ের রেশ কাটার আগেই আক্রমণভাগে বড় চমক দিল লাল-হলুদ শিবির। ডেনমার্কের তরুণ স্ট্রাইকার আন্তন সয়বার্গকে দলে নিয়ে শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, যা সমর্থকদের প্রত্যাশা আরও উসকে দিল।

বুধবার সকালে ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন ২৫ বছর বয়সি এই ড্যানিশ স্ট্রাইকার। বেশ কিছুদিন ধরেই তাঁর সই করা নিয়ে জল্পনা চলছিল, অবশেষে তাতে সিলমোহর পড়ল।

ডেনমার্কের আরাউসে জন্ম সয়বার্গের। দেশের বিভিন্ন ইউথ লিগে খেলে নিজেকে গড়ে তুলেছেন তিনি। এরপর ইউরোপ ও উত্তর আমেরিকার একাধিক প্রথম সারির লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেন এই ফরোয়ার্ড।

২০২৪–২৫ মরশুমে ফারো আইল্যান্ডের ক্লাব বি৩৬ তোরশানের হয়ে খেলেন সয়বার্গ। সেই মরশুমে ১০টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন। পরে উত্তর আমেরিকার ক্লাব মন্তেরে বে এফসিতে যোগ দিয়ে ইউএসএল চ্যাম্পিয়নশিপেও খেলেছেন।

সয়বার্গের মূল শক্তি তাঁর গতি, শারীরিক সক্ষমতা এবং ফিনিশিং দক্ষতা। অ্যাটাকিং থার্ডে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বক্সের মধ্যে পজিশনিং—এই দুই ক্ষেত্রেই তিনি কার্যকর। পাশাপাশি এয়ারিয়াল ডুয়েলেও তাঁর দক্ষতা রয়েছে, যা ইস্টবেঙ্গলের আক্রমণভাগে বাড়তি ভরসা যোগ করতে পারে।

নতুন দলে যোগ দিয়ে সয়বার্গ জানিয়েছেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। তাঁর কথায়, “ক্লাবের ঐতিহ্য সম্পর্কে ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আমাকে জানিয়েছে। আমি এখানে এসেছি লড়াই করতে, গোল করতে এবং দলকে সাফল্য এনে দিতে। সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন