ইস্টবেঙ্গলের ISL ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটল অবশেষে। ক্লাব ও ইনভেস্টরের মধ্যে হোম গ্রাউন্ড নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। সেই জট কাটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই যুবভারতী ক্রীড়াঙ্গনেই বিনা খরচে হোম ম্যাচ খেলতে পারবে লাল-হলুদ শিবির।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ISL। তার আগেই হোম গ্রাউন্ড নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হওয়ায় স্বস্তির হাওয়া ইস্টবেঙ্গল শিবিরে। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, সংকট কাটাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। তাঁর উদ্যোগেই সল্টলেকের যুবভারতী স্টেডিয়াম বিনা খরচে ব্যবহারের অনুমতি মিলেছে।
সাংবাদিক বৈঠকে দেবব্রত সরকার বলেন, “সমর্থকদের জন্য সুখবর। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। এখন সল্টলেক স্টেডিয়াম বিনা খরচে ব্যবহার করে ম্যাচ আয়োজন করতে পারব। সব ক্রীড়াপ্রেমীদের জন্যই এটা আনন্দের খবর। সমর্থকদের অনুরোধ করছি, দলে দলে এসে দলকে সমর্থন করুন।”
তিনি আরও জানান, ইনভেস্টর ইমামির কাছেও আবেদন জানানো হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সম্মান জানিয়ে যুবভারতীতেই ম্যাচ আয়োজন করা হয়।
এবারের ISL-এ ম্যাচ সংখ্যা কমানো হয়েছে। অনেক ক্লাবই ফুটবলারদের বেতন কমিয়েছে, ফলে আয়ও কম হবে। সেই কারণে খরচ কমাতে তুলনামূলক ছোট ও কম ব্যয়ের কিশোরভারতী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিল ইনভেস্টর সংস্থা ইমামি। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়।


দেবব্রত সরকার আগেই জানিয়েছিলেন, কিশোরভারতীতে ম্যাচ হলে ক্লাবকর্তারা খেলা দেখতে যাবেন না। কারণ ওই মাঠে দর্শকাসন কম, ফলে বহু সমর্থক খেলা দেখার সুযোগ পাবেন না।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখন সেই সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করা হচ্ছে। যুবভারতীতে হোম ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে সমর্থকদের উচ্ছ্বাসও বাড়বে বলেই আশা ক্লাব কর্তাদের।









